সিলেটে হোটেলের এমডি খুনের আসামি গ্রেপ্তার
‘হ্যাঁ, আমিই খুন করেছি আতিককে। আমি আমার বন্ধুর খুনি, আমার ফাঁসি হওয়া উচিত...!’ সিলেটে হোটেল অনুরাগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতিকুর রহমান খুনের মামলার একমাত্র আসামি শফিকুর রহমান (৩২) এভাবেই হত্যার দায় স্বীকার করেন।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একটি বিশেষ দল গত রোববার মধ্যরাতে ঢাকার ধানমন্ডির ১৫ নম্বর এলাকায় অভিযান চালিয়ে শফিককে গ্রেপ্তার করে। গতকাল সোমবার সিলেটে র্যাব-৯ দপ্তরে তাঁকে সংবাদ সম্মেলনে হাজির করা হয়। এ সময় শফিকের বরাত দিয়ে র্যাব জানায়, ব্যবসায়িক লেনদেন নিয়ে আতিকের প্রতি ক্ষুব্ধ ছিলেন শফিক। এর জেরেই আতিককে হত্যার পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী ঘটনার আগের দিন ঢাকা থেকে দুজন সহযোগীকে আনেন শফিক। আতিকের কাছে তাঁদের বন্ধু বলে পরিচয় করিয়ে দেন।শফিক ২৯ নভেম্বর দুই সহযোগীসহ হোটেলের ৩২২ নম্বর কক্ষে অবস্থান করেন। বিকেলে আতিককে ওই কক্ষে ডেকে আনেন তিনি। আতিক ওই কক্ষের একটি সোফায় বসে তাঁদের সঙ্গে আলাপ করছিলেন। একপর্যায়ে শফিক ও তাঁর দুই সহযোগী আতিকের ওপর ঝাঁপিয়ে পড়েন। প্রথমে আতিকের মুখে কাপড় গুঁজে দেন। তারপর রশি দিয়ে আতিককে সোফার সঙ্গে বেঁধে গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করা হয়।র্যাবের এই বর্ণনার পর পরই শফিক সাংবাদিকদের সামনে আতিককে হত্যার দায় স্বীকার করে বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে র্যাব-৯-এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ অনঘ বলেন, এ খুনের ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। বিষয়টি র্যাব-৯-এর নজরে এলে খুনিদের তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়। এর সূত্র ধরে গত রোববার রাত সোয়া ১২টার দিকে ঢাকার ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় অভিযান চালিয়ে শফিককে গ্রেপ্তার করা হয়। নিহত আতিকের বাবা হাজি খুরশিদ আলী, মা রোকেয়া বেগম, স্ত্রী তাহমিনা রহমান সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন। খুনের বর্ণনা ও শফিকের স্বীকারোক্তি শুনে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। আতিকের বাবা প্রথম আলোকে বলেন, ‘আসামি ধরাছোঁয়ার বাইরে থাকায় আমরা হতাশ ছিলাম। এখন মনে হচ্ছে ছেলে হত্যার বিচার পাব।’ গত ২৯ নভেম্বর সিলেট নগরের ধোপাদিঘির উত্তরপাড় এলাকায় আবাসিক হোটেল অনুরাগের ৩২২ নম্বর কক্ষে খুন হন আতিক। কক্ষটি আতিকের বন্ধু শফিকের নামে বরাদ্দ নেওয়া ছিল। এ ঘটনায় আতিকের বাবা শফিককে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। শফিক পেশায় একজন সিডি ব্যবসায়ী।এদিকে আতিক খুনের ঘটনায় জড়িত সন্দেহে গত ২৪ জানুয়ারি নগরের বারুতখানা থেকে শেখ মো. আকাশ ওরফে বুলবুল (৩০) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। বুলবুল প্রসাধনসামগ্রীর (কসমেটিকস) ব্যবসায়ী। বুলবুলকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।ব্যবসায়ী বুলবুল শফিকের দুই সহযোগীর একজন কি না—এ ব্যাপারে র্যাব কোনো তথ্য গতকাল জানায়নি। তবে মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, পুলিশের তদন্তে ওই ঘটনায় ব্যবসায়ী বুলবুলের সম্পৃক্ত থাকার সন্দেহ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।