সিলেটে ১০৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৩ নভেম্বর ও ৬ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় সিলেটের ২১ ও ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ১০৫ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ পড়ে শুনানো হয়েছে। এ সময় আসামিদের সবাই উপস্থিত ছিলেন। পরে ২১ রাইফেল ব্যাটালিয়নের আসামিদের বিরুদ্ধে আগামী ২৩ নভেম্বর ও ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্তদের বিরুদ্ধে আগামী ৬ ডিসেম্বর অভিযোগ গঠন করার দিন ধার্য করেন আদালত। আজ বুধবার দুপুরে আদালতের সভাপতি এ দুটো মামলার অভিযোগ গঠনের এ দিন ধার্য করেন। অন্যদিকে সকাল আটটায় সিলেট সদর সেক্টরে বিদ্রোহ মামলায় সেক্টরের ৬১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন মামলার বাদী সুবেদার মো. আবদুল গণি। এ মামলায় সকালে নতুন করে ২৮ জওয়ানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে সিলেট কারাগারে পাঠানো হয়। মামলার অপর ৩৩ আসামি লুটপাটের অভিযোগে দায়ের করা একটি সিআর মামলায় জেলহাজতে আটক আছেন।আজ সকাল আটটা, ১১টা ও বিকেল তিনটায় সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪তে বিচার প্যানেলে পৃথক তিনটি মামলায় সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআর কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল এস এম ফরহাদ।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল আটটায় সিলেট সদর সেক্টরে বিডিআর বিদ্রোহে অংশ নেওয়ার অভিযোগে ৬১ জওয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারি করেন এবং কাল বৃহস্পতিবার সকাল আটটায় আসামিদের আদালতে উপস্থিত করার নির্দেশ দেন। বিচারক প্যানেলের সদস্য ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আখতারুজ্জামান, মেজর মো. মকসুদুল হক। বিচার কার্যক্রমে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ। মামলার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সিলেট সদর সেক্টর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আওরঙ্গজেব।পরে বেলা ১১টায় ২১ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহীদের বিরুদ্ধে দায়ের করা কার্যক্রম শুরু হয়। এ সময় আসামিদের উপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান মামলার কৌঁসুলি লে. কর্নেল খায়রুল কাদির। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কপি প্রত্যেক আসামির কাছে হস্তান্তর করার নির্দেশনা দিয়ে আগামী ২৩ নভেম্বর অভিযোগ গঠনের তারিখ ধার্য করেন।বিকেলে তিনটায় ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৬১ জওয়ানের উপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান কৌঁসুলি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমান উল্লাহ খান। আসামিদের বিরুদ্ধে অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র লুট, ফায়ারিং করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি, পিলখানায় বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিদ্রোহে অংশগ্রহণ, গাড়ি জ্বালানো ও ভাঙচুরের অভিযোগ আনা হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে জওয়ানরা বিদ্রোহ করেন। এর জের ধরে সিলেট সেক্টর, ২১ ও ৩৮ রাইফেলস ব্যাটালিয়নে জওয়ানেরা বিদ্রোহ করে একাত্মতা ঘোষণা করেন।