বিডিআর বিদ্রোহ মামলায় সুনামগঞ্জ আট রাইফেলস ব্যাটালিয়নের ১৪ জনের বিরুদ্ধে আগামী ২ আগস্ট রায় দেওয়া হবে। আজ মঙ্গলবার দ্বিতীয় দফায় ওই ১৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। সাক্ষ্যগ্রহণ ও অভিযুক্ত হিসেবে তথ্য-প্রমাণাদি এবং যুক্তিতর্কও সম্পন্ন হয়। ১৪ জন আসামির মধ্যে সিপাহি সুমন মারমা আজ দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। গতকাল সোমবার তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিডিআর সিলেট সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ৩-এ অনুষ্ঠিত এই বিচারকাজে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বিচার কার্যক্রম শুরু হয়ে শেষ হয় দুপুর দুইটায়।মামলার প্রসিকিউটর আট রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম ঠাকুর বিচার কাজ শেষে সংবাদ ব্রিফিংয়ে জানান, আগামী ২ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। ওই দিন মামলার রায় ঘোষণা হবে।বিচারকাজে সহযোগিতার জন্য উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেলের একজন প্রতিনিধি, একজন লে. কর্নেল ও একজন মেজর পদবির বিডিআর কর্মকর্তা।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২ এপ্রিল এ আদালতে সুনামগঞ্জের আট রাইফেল ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহ মামলার বিচারকাজ শুরু হয়।