সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় ৩৯ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন পাঁচজন। কারাদণ্ড পাওয়া প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।আসামিদের উপস্থিতিতে গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বিশেষ আদালত-১৪-এর সভাপতি বিডিআরের সিলেট সেক্টরের পরিচালক (যোগাযোগ) কর্নেল এস এম ফরহাদ এই রায় দেন।রায় ঘোষণার পরপরই আসামিদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ২৯ ডিসেম্বর (২০১০) থেকে বেসামরিক কারাগারে এই রায় কার্যকর হবে বলে জানিয়েছেন আদালতের সভাপতি। খালাস পাওয়া জওয়ানদের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকলে তাঁদের মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।সর্বোচ্চ সাত বছর সাজা হয়েছে নায়েক তপন কুমার বিশ্বাসের। পাঁচ বছরের সাজা পেয়েছেন হাবিলদার মো. ফয়েজ উল্লা ভূঞা। চার বছরের কারাদণ্ড হয়েছে ল্যান্স নায়েক মো. আমিনুল ইসলাম, সেপাই মো. বিজয় কুমার সিংহ, সেপাই মো. আলমগীর কবীর ও সেপাই কাজী আবদুল হান্নানের।তিন বছর ছয় মাসের সাজা পেয়েছেন নায়েক মো. জহির উদ্দিন জোয়াদ্দার। তিন বছরের কারাদণ্ড হয়েছে ল্যান্স নায়েক সোলায়মান হোসেন, সেপাই সিরাজুল ইসলাম ও সেপাই মোহাম্মদ নজরুল ইসলামের। দুই বছর ছয় মাসের সাজা হয়েছে সুবেদার মো. সিরাজুল কবির ও সেপাই হালিম মিয়ার। দুই বছরের সাজাপ্রাপ্ত জওয়ানেরা হলেন হাবিলদার মো. আবুল কাশেম, ল্যান্স নায়েক মো. আবদুল কুদ্দুস মোল্লা ও সেপাই মো. রফিকুল ইসলাম।এক বছর ছয় মাসের কারাদণ্ড হয়েছে সুবেদার হাবিলদার মো. নাসির উদ্দিন, নায়েক এম এ হালিম হাওলাদার, সেপাই সাইফুল ইসলাম, সেপাই মো. আবদুল মালেক ও সেপাই গোলাম মোর্শেদ আল জুবেরীর।এক বছরের সাজা পেয়েছেন নায়েক আবু তালেব ফারুকী, ল্যান্স নায়েক মো. শফিকুল ইসলাম, মো. আবদুস সালাম, মোসলেহ উদ্দিন, সেপাই মো. জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন, মো. মমিনুল ইসলাম, সিগনালম্যান মো. রুবেল আল মাসুদ, সেপাই মুহাম্মদ ফজলুর রহমান ও সেপাই মো. নাঈম উদ্দিন।ছয় মাসের কারাদণ্ড হয়েছে ল্যান্স নায়েক মো. আশরাফুল ইসলাম চৌধুরীর। সর্বনিম্ন চার মাসের সাজা হয়েছে সেপাই ওসমান আলী, আলী হোসেন বাহার, আবদুল হাকিম, সেপাই মো. বাবুল চৌধুরী, সেপাই মো. আবদুল হাই, নাজমুল হোসাইন মামুন, পলাশ মিঞা ও আলমাস হোসেনের।যাঁরা খালাস পেয়েছেন তাঁরা হলেন সেপাই উত্তম কুমার সিংহ, মো. মজনুল করিম, মো. ওবায়দুর রহমান চৌধুরী, মো. ইসমাইল হোসেন ও মো. তরিকুল ইসলাম।বিচার কার্যক্রমে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ এবং লে. কর্নেল আখতারুজ্জামান ও মেজর মাকসুদুল আলম। কৌঁসুলি (প্রসিকিউটর) ছিলেন ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল কাদির।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সিলেটসহ বিভিন্ন স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহ করেন। এ ঘটনায় এ বছরের ১৯ অক্টোবর বিডিআর আইনে মামলা হয়।সদর সেক্টরের মামলার রায় ৩১ জানুয়ারি: সিলেট সদর সেক্টরে ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার যুক্তি-তর্ক উপস্থপান গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। আদালত ৩১ জানুয়ারি রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন।গতকাল সকালে অভিযোগপত্রভুক্ত ৬১ জনের মধ্যে দোষ স্বীকারকারী ২৮ জওয়ানের সংক্ষিপ্ত বক্তব্য শোনেন আদালত। এরপর যুক্তি খণ্ডন করে বক্তব্য দেন মামলার কৌঁসুলি সিলেট সদর সেক্টর ব্যাটালিয়নের অধিনায়ক মেজর এ কে এম আওরঙ্গজেব। পরে ২৮ জওয়ান তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে অনুশোচনা করেন। আদালতে ক্ষমা চেয়ে তাঁরা হাউমাউ করে কাঁদেন। এ সময় আদালত বলেন, দোষ স্বীকারকারীরা আদালতের অনুকম্পা পাবেন।বিডিআরের সিলেট সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪-এর বিচারকমণ্ডলীর প্রধানের দায়িত্ব পালন করেন বিডিআর সদর দপ্তরের পরিচালক (যোগাযোগ) কর্নেল এস এম ফরহাদ।সিলেট সদর সেক্টর ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় ৬১ জন বিডিআর জওয়ানের বিচার গত ২০ অক্টোবর শুরু হয়।সরাইলে রায় আজ: আমাদের সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। ১ রাইফেল ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে স্থাপিত বিশেষ আদালত ১৪-এ সকাল নয়টায় বিচারকাজ শুরু হচ্ছে। মামলার ২৯ আসামির মধ্যে ২৭ জন ইতিমধ্যে আদালতে দোষ স্বীকার করেছেন।চার সদস্যের আদালতে সভাপতিত্ব করবেন কর্নেল এস এম ফরহাদ।