সিলেটে ৩৯ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা, পাঁচজন খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহের মামলায় সিলেটের ২১ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ৪৪ জন জওয়ানের মধ্যে ৩৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। খালাস পেয়েছেন পাঁচজন। সাজাপ্রাপ্ত জওয়ানের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।সাজাপ্রাপ্ত জওয়ানদের মধ্যে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে একজনকে। এ ছাড়া একজনকে পাঁচ বছর, চার জনের চার বছর, একজনের সাড়ে তিন বছর, তিনজনের তিন বছর, তিনজনের দুই বছর, দুই জনের আড়াই বছর, ১০ জনের এক বছর, পাঁচজনের দেড় বছর, একজনের ছয় মাস ও আটজনের চার মাসের সাজা হয়েছে।আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় আসামিদের উপস্থিতিতে বিশেষ আদালত-১৪-এর সভাপতি বিডিআর সিলেট সেক্টরের পরিচালক (যোগাযোগ) কর্নেল এস এম ফরহাদ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই আসামিদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ থেকে বেসামরিক কারাগারে এ রায় কার্যকর হবে বলে জানিয়েছেন আদালতের সভাপতি। খালাস পাওয়া ব্যক্তিদের আর কোনো মামলা না থাকলে তাঁদের মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।বিচারকার্যক্রমে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ ও লে. কর্নেল আখতারুজ্জামান এবং মেজর মাকসুদুল আলম। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ২১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল কাদির ।উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বিদ্রোহ মামলায় ২১ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ৪৪ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়। ২০ অক্টোবর তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের ওপর শুনানি শেষে আদালত ২৩ নভেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। ২৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের পর ৩৯ জন জওয়ান তাঁদের দোষ স্বীকার করেন। বাকি পাঁচজন তাঁদের নির্দোষ দাবি করেন। ২৪ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলার ৩৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়। ২৫ নভেম্বর মামলার যুক্তিতর্ক শেষে আজ ছিল রায় ঘোষণার তারিখ।