বিডিআর বিদ্রোহের মামলায় সিলেটের ২১ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ৪৪ জওয়ানের বিরুদ্ধে আজ মঙ্গলবার অভিযাগ গঠন করা হয়েছে। বিডিআর সিলেট সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৪-তে আজ অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিতিতে বিচারকাজ অনুষ্ঠিত হয়।এ সময় আদালতে ৩৭ জন জওয়ান তাঁদের দোষ স্বীকার করেন। বাকি সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। আদালতে সভাপতিত্ব করেন বিডিআর কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম ফরহাদ। বিচার-কার্যক্রমে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ফরহাদ আহমদ, লে. কর্নেল আখতারুজ্জামান ও মেজর মাকসুদুল আলম। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ২১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল কাদির ।সকাল সাড়ে আটটায় প্রথম দফা বিচারকাজ শুরু হয়। মাঝে এক দফা বিরতি দিয়ে বিকেল পাঁচটায় শেষ হয়। বিচারকাজ চলাকালে বিদ্রোহের ঘটনার বিভিন্ন ভিডিওচিত্র আদালতের সামনে উপস্থাপন করা হয়। মামলার ৩৫ জন সাক্ষীর মধ্যে তিনজনের সাক্ষ্য নেওয়া হয়। এর আগে সকাল সোয়া আটটায় বিশেষ পাহারায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে অভিযুক্ত বিডিআর জওয়ানদের বিশেষ আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্ত বিডিআর জওয়ানেরা ১০ মিনিট তাঁদের স্বজনের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ পান। এ সময় তাঁরা স্বজনদের দেখে কান্নায় ভেঙে পড়েন। বিচার চলাকালে অভিযুক্ত বিডিআর সদস্য ল্যান্স নায়েক মো. আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তাত্ক্ষণিকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অসুস্থ বিডিআর জওয়ান সালামকে হাসপাতালে দেখতে যান আদালতের একজন সদস্য। এ সময় সালাম দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বিডিআর বিদ্রোহ মামলায় ২১ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৪৪ বিডিআর জওয়ানের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়। ২০ অক্টোবর তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি শেষে আদালত ২৩ নভেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল। বিকেল সোয়া পাঁচটায় আদালতের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন মামলার প্রসিকিউটর ২১ রাইফেল ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খায়রুল কাদির।