বিডিআর বিদ্রোহের মামলায় সিলেটের ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৬১ জন জওয়ানের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। রায়ে দুজনকে খালাস দিয়ে ৫৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে সাজাপ্রাপ্ত জওয়ানের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার সিলেট সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪ এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্ত জওয়ানদের মধ্যে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে ১২ জনকে। দুইজনকে সাড়ে ছয় বছর করে, সাতজনকে ছয় বছর করে, তিনজনকে পাঁচ বছর করে, দুইজনকে চার বছর করে, সাতজনকে সাড়ে তিন বছর করে, পাঁচজনকে তিন বছর করে, তিনজনের প্রত্যেককে যথাক্রমে আড়াই বছর, দুই বছর ও দেড় বছর করে, সাতজনকে এক বছর করে, ১০ জনকে ছয় মাস করে এবং অপর একজনকে চার মাসের সাজা দেওয়া হয়েছে।বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত-১৪ এর সভাপতি বিডিআর সদর দপ্তরের পরিচালক (যোগাযোগ) কর্নেল এস এম ফরহাদ মামলার ৬১ জন আসামির উপস্থিতিতে আজ বৃহস্পতিবার সকাল নয়টায় এ রায় ঘোষণা করেন। রায়ের পরপরই আসামিদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ সময় সাজাপ্রাপ্ত বিডিআর জওয়ানদের আত্মীয়স্বজনকে কান্নাকাটি করতে দেখা যায়। আজ থেকে এ রায় কার্যকর হবে বলে জানিয়েছেন আদালতের সভাপতি। খালাস পাওয়া দুইজনের অন্য কোনো মামলা না থাকলে তাঁদের মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।আদালতে সভাপতিত্ব করেন সিলেট সেক্টরের পরিচালক (যোগাযোগ) কর্নেল এস এম ফরহাদ।