সিলেটে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার দায়ে ৬১ জন জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। আজ সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটের ২১ ব্যাটালিয়ন দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪ এ রায় দেন। আদালতের সভাপতি বিজিবি সদর দপ্তরের পরিচালক (যোগাযোগ) কর্নেল এস এম ফরহাদ রায় ঘোষণা করেন।রায়ে ৬১ জন জওয়ানের প্রত্যেককে অর্থদণ্ড ও কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সর্বোচ্চ সাত বছর এবং সর্বনিম্ন ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পরপর সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। সকাল সাড়ে ১০টায় এ রায় ঘোষণার মধ্য দিয়ে সিলেটে বিশেষ আদালত-১৪ এর কার্যক্রমও সমাপ্ত ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় বিচারক প্যানেলের অপর দুই সদস্য হিসেবে ছিলেন লে. কর্নেল আখতারুজ্জামান ও মেজর মাকসুদুল আলম। এ ছাড়া বিচার কার্যক্রমে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটার্নি জেনারেল ফরহাদ আহমদ। আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সিলেট সদর সেক্টর ব্যাটালিয়নের অধিনায়ক মেজর এ কে এম আওরঙ্গজেব।উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর বিদ্রোহ মামলায় সিলেট সদর সেক্টর ব্যাটালিয়নের অভিযুক্ত ৬১ বিডিআর জওয়ানের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়। গত ২১ অক্টোবর তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি শেষে গত ২৭ ডিসেম্বর ৬১ জন অভিযুক্ত জওয়ানের উপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের পর ২৮ জন জওয়ান তাঁদের দোষ স্বীকার করেন। বাকি ৩৩ জন নিজেদের নির্দোষ দাবি করেন। ২৮ ডিসেম্বর মামলার ৫২ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়। ২৯ ডিসেম্বর আদালত প্রসিকিউটরের বক্তব্য শুনে আজ রায়ের তারিখ ধার্য করেন।