সিলেটে ৬১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিডিআর বিদ্রোহের মামলায় ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৬১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বিডিআর সিলেট সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৪ তে আজ সোমবার অভিযোগ গঠন করে আটজনের সাক্ষ্য নেওয়া হয়। কাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বাকি সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার তারিখ নির্ধারণ করে আদালতের কার্যক্রম বিকেল পাঁচটায় মুলতবি করা হয়। অভিযুক্ত জওয়ানদের মধ্যে ২৭ জন দোষ স্বীকার করে তাঁদের ভুলের জন্য আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।আদালত সূত্র জানায়, সকাল সাড়ে আটটায় শুরু আদালতে প্রথমে প্রসিকিউটর অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। এরপর আদালত ১০ মিনিটের জন্য মুলতবি করা হয়। পরে আদালত ৬১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় বিচারক প্রত্যেক অভিযুক্তের নাম ডেকে অভিযোগ পাঠ করে শোনান। পরে আদালতের সভাপতি অভিযুক্তদের তাঁরা দোষী কি না, জানতে চাইলে ৬১ জনের মধ্যে ২৭ জন বিদ্রোহে অংশ নেওয়ার কথা স্বীকার করে ভুলের জন্য ক্ষমা চান। বাকি ৩৪ জওয়ান নিজেকে নির্দোষ দাবি করেন। পরবর্তী সময় আদালতে নির্দোষ দাবিদার ৩৪ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া শুরু হয়।মামলার বাদী সুবেদার মেজর মিনহাজ উদ্দিনের সাক্ষ্য নেওয়ার পরপরই ৩৮ রাইফেল ব্যাটালিয়নের তত্কালীন অধিনায়ক লে. কর্নেল গাজী সালাউদ্দিনসহ আটজন আদালতে সাক্ষ্য দেন। বিশেষ আদালত ১৪-এর বিচার প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিডিআর কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম ফরহাদ। বিচার কার্যক্রমে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ফরহাদ আহমদ এবং লে. কর্নেল আখতারুজ্জামান ও মেজর মাকসুদুল আলম। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমান উল্লাহ।উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের পরদিন ২৬ ফেব্রুয়ারি সিলেটে সেক্টরে জওয়ানরা পিলখানার ঘটনার সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিদ্রোহ করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় গত ১৯ অক্টোবর ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৬১ বিডিআর জওয়ানের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়। ২০ অক্টোবর তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের ওপর শুনানি শেষে আদালত ৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল।