সিলেট সদর সেক্টরে বিদ্রোহের মামলায় ৬১ জন জওয়ানের বিরুদ্ধে আগামী ২৭ ডিসেম্বর অভিযোগ গঠন করা হবে। ২১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪-এর বিচারক আজ বৃহস্পতিবার এ তারিখ ধার্য করেন। এর আগে আজ সকালে প্রসিকিউটর ও সিলেট সেক্টর অধিনায়ক মেজর আওরঙ্গজেব আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনান। এ সময় আসামিদের সবাই আদালতে উপস্থিত ছিলেন।সকাল নয়টায় বিচারকাজ শুরু হয়ে চলে সকার ১০টা ৪০ মিনিট পর্যন্ত। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল এস এম ফরহাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ, বিচারক প্যানেলের সদস্য লে. কর্নেল আখতারুজ্জামান ও মেজর মো. মকসুদুল হক।গতকাল বুধবার এ ৬১ জন জওয়ানের বিরুদ্ধে বিশেষ আদালতে অভিযোগ উত্থাপন করেন বাদী সুবেদার মো. আবদুল গনি। এ মামলায় গতকাল নতুন করে ২৮ জওয়ানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে সিলেট কারাগারে পাঠানো হয়। মামলার অপর ৩৩ জন আসামি লুটপাটের অভিযোগে করা একটি মামলায় কারাবন্দী রয়েছেন।