সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই শিক্ষানবিশ চিকিৎসক ও দুই ছাত্র গতকাল রোববার ছাড়া পেয়েছেন। এ চারজনই ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বাসিন্দা।‘নিখোঁজ’ হওয়া আরেক শিক্ষানবিশ চিকিৎসক আশরাফুজ্জামানের (বাংলাদেশি) খোঁজ গতকাল পর্যন্ত মেলেনি বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।এদিকে, দিল্লি হাইকোর্টে বোমা হামলার অধিকতর তদন্তের জন্য ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি দল বাংলাদেশে এসেছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। তাতে বলা হয়, সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের কাশ্মীরি এক ছাত্রের বন্ধুদের জিজ্ঞাসাবাদের জন্যই তারা বাংলাদেশে এসেছে। তারা এরই মধ্যে একজন মেয়েসহ দুই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করেছে। একই মেডিকেলের আরেক ছাত্র ওয়াসিম ভারতে এনআইএর হেফাজতে আছেন। বাংলাদেশ কর্তৃপক্ষ ওই ছাত্রকে এনআইএর কাছে হস্তান্তর করেছে বলে পিটিআই জানায়। এদিকে, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারতীয় চারজন ছাত্র নিখোঁজের ঘটনায় তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, ঘটনাটি স্পর্শকাতর। তাই এ বিষয়ে মন্তব্য করা যাবে না।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গতকাল সকালে কলেজ কর্তৃপক্ষ সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীর দপ্তর থেকে এই চার কাশ্মীরিকে নিয়ে আসে। তাঁরা এখন কলেজের ছাত্রাবাসে আছেন। সাংবাদিকদের সঙ্গে তাঁদের দেখা করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ।জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) মো. নাজমুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেছেন, ‘চারজন সেইফলি ফিরেছে। ভালো আছে। আপাতত শুধু এটুকুই বলব। এর বাইরে কিছু বলতে চাচ্ছি না।’বৃহস্পতিবার রাতে কলেজে যাওয়ার পথে নিখোঁজ হওয়া শিক্ষানবিশ চিকিৎসক আশরাফুজ্জামান সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘পুলিশ চেষ্টা করছে আর আমরা অপেক্ষা করছি। এর বেশি আপাতত বলতে পারছি না।’আশরাফুজ্জামানের গ্রামের বাড়ি বিয়ানীবাজারের চারখাইয়ের আদিনাবাদে। তাঁর চাচা আবদুল আহাদ চৌধুরী জানান, আশরাফুজ্জামানের পরিবার স্থায়ীভাবে দুবাই থাকে। দুবাই পড়াশোনা করে আশরাফুজ্জামান বিদেশি কোটায় রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে ভর্তি হন। তাঁর ‘নিখোঁজ’ হওয়ার খবর শুনে আশরাফুজ্জামানের বাবা নুরুজ্জামান চৌধুরী শনিবার দেশে ফিরেছেন। এর আগে গত শনিবার অধ্যক্ষ নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, কাশ্মীর থেকে এ দেশে পড়তে আসা শিক্ষানবিশ চিকিৎসক আমির আমিন রেশী, তাসাদ্দেক রশিদ এবং এমবিবিএস শেষ বর্ষের ছাত্র তৌসেফ আহমদ ও প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ দানিশ বাটকে গত বৃহস্পতিবার রাতে র্যাব পরিচয় দিয়ে একদল ব্যক্তি ধরে নিয়ে গেছে। এরপর শনিবার রাত পর্যন্ত তাঁদের আর কোনো হদিস ছিল না।র্যাব ও পুলিশ কর্তৃপক্ষ বলে আসছে, এঁদের কাউকে তারা আটক করেনি। এ ব্যাপারে তারা কিছু জানে না।এর আগে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের আরেক কাশ্মীরি ছাত্র ওয়াসিম হঠাৎ ‘উধাও’ হয়ে যান। গত বুধবার তাঁকে বাংলাদেশি সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়। তাঁকে গত মাসে দিল্লি হাইকোর্টে বোমা হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ভারতীয় কর্তৃপক্ষ জানায়।অভিযোগ প্রত্যাখ্যান ওয়াসিমের পরিবারের: পিটিআইয়ের খবরে বলা হয়, দিল্লি হামলার সঙ্গে ওয়াসিমের ভাই জুনায়েদ আকরামের জড়িত থাকার প্রমাণ পেয়েছে এনআইএ। এদিকে, ওয়াসিম ও জুনায়েদ দিল্লি বোমা হামলায় জড়িত নয় বলে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাঁদের বাবা রিয়াজ মালিক ভারতীয় গণমাধ্যমকে বলেন, জুনায়েদ গত বছরের আগস্টে মাধ্যমিক পরীক্ষার পর থেকেই নিখোঁজ আছে।রিয়াজ মালিক বলেন, ওয়াসিম ২০০৬ সাল থেকে বাংলাদেশে পড়াশোনা করছে। ওয়াসিম বাংলাদেশ থেকে ১৭ মাস পর চলতি বছরের ৩১ আগস্ট বাড়িতে যায়। বাড়িতে কয়েক দিন থাকার পর আবার ঢাকার উদ্দেশে রওনা হয়। তিনি দাবি করেন, এনআইএর পক্ষ থেকে ওয়াসিমের বিরুদ্ধে অভিযোগ তোলায় তিনি নিজে ছেলেকে দিল্লিতে পুলিশের হাতে তুলে দেন।