সিলেটের এমসি কলেজের আছে শুধু ঐতিহ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বিভাগের শিক্ষার্থীদের মাথার ওপর বহু পুরোনো দিনের টিনের চাল। সেই টিনসহ চাল যেকোনো সময় ভেঙে পড়তে পারে। কলেজে শ্রেণীকক্ষসংকট আছে বলে অন্য কোথাও যাওয়ার সুযোগও তাদের নেই। শ্রেণীকক্ষে ঢুকলেই শুরু হয় আতঙ্ক। শিক্ষক পাঠদান শেষ করলে শ্রেণীকক্ষের বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে শিক্ষার্থীরা।এটি অজপাড়াগাঁয়ের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বর্ণনা নয়। এটি সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের চিত্র। ১৮৯২ সালে কলেজটির যাত্রা শুরু হয়েছিল। এ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের কথা উঠলেই এমসি কলেজের নাম সবার আগে উচ্চারিত হয়। জরাজীর্ণ অবকাঠামো আর ভেতরের কাজকর্ম দেখে মনে হয়, কলেজটি বুড়িয়ে গেছে। তবু ঐহিত্যবাহী কলেজ হওয়ার কারণে সিলেট অঞ্চলের অনেক শিক্ষার্থী এখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে এমসি কলেজেই ভর্তি হচ্ছে।কলেজের সমস্যা নিয়ে অধ্যক্ষ সৈয়দা শামসুন্নাহার প্রথম আলোকে বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো এখানেও কিছু সমস্যা রয়েছে। তবে তা কটিয়ে ওঠার চেষ্টা চলছে।শ্রেণীকক্ষসংকট: এই কলেজে বর্তমানে ১৮টি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে। কিন্তু কলেজে শ্রেণীকক্ষের সংকট মারাত্মক। ইংরেজি পূর্ণাঙ্গ একটি বিভাগ হলেও এই বিভাগের নিজস্ব শ্রেণীকক্ষ নেই একটিও।খোঁজ নিয়ে জানা গেছে, ইতিহাস ও ইসলামের ইতিহাস বিভাগের নিজস্ব শ্রেণীকক্ষ আছে একটি করে। দুটি করে কক্ষ আছে সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে। বাকি বিভাগগুলোর বেশির ভাগেরই তিনটি করে শ্রেণীকক্ষ রয়েছে।শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণীকক্ষসংকটের কারণে ঠিকমতো ক্লাস হয় না। অনেক সময় এক বর্ষের শিক্ষার্থীদের ক্লাস হওয়ার কারণে অন্য বর্ষের ক্লাস বাতিল হয়ে যায়।শ্রেণীকক্ষসংকটের বিষয়টি অস্বীকার করে অধ্যক্ষ বলেন, দু-একটি বিভাগে শ্রেণীকক্ষ কম রয়েছে। তবে তা কাটিয়ে উঠতে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই তার কাজ শুরু হবে।বাংলা বিভাগের শিক্ষার্থীদের আশঙ্কা: বাংলা বিভাগের শিক্ষার্থীরা আশঙ্কা করেন, যেকোনো দিন তাঁদের মাথার ওপর ছাদ ভেঙে পড়তে পারে। কলেজ প্রতিষ্ঠার সময় তৈরি করা একতলা টিনের চালের ভবনে চলে বাংলা বিভাগের ক্লাস। এতে চারটি কক্ষ রয়েছে, তবে সবই ঝুঁকিপূর্ণ। স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ছাড়াও উচ্চমাধ্যমিক পর্যায়ের কিছু ক্লাস বসে এই কক্ষগুলোতে।দেখা গেছে, চারটি কক্ষেরই দরজার ওপরের কাঠের কাঠামো অনেক পুরোনো, ভেঙে ভেঙে গেছে। যেকোনো সময় টিনসহ তা ভেঙে পড়তে পারে। বাংলা বিভাগের চতুর্থ বর্ষের নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্র বলেন, ‘আতঙ্ক নিয়ে আমাদের এখানেই ক্লাস করতে হচ্ছে।’শিক্ষকের পদ শূন্য: উর্দু ও সংস্কৃত বিভাগ দুটি চালাচ্ছেন একজন করে শিক্ষক। বিভাগের দাপ্তরিক কিছু কাজ এবং সব বর্ষের পাঠদান ওই একজন শিক্ষককেই করতে হয়ে।সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিভাগে দুজন করে শিক্ষক আছেন। ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস ও পরিসংখ্যান বিভাগে শিক্ষক তিনজন করে। তবে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন বিভাগে শিক্ষকসংকট তুলনামূলকভাবে কম।কর্তৃপক্ষ জানায়, ১৮টি বিভাগে শিক্ষকের পদ আছে ১৩১টি। শিক্ষক আছেন ৯৮ জন। ৩৩টি পদই শূন্য। তবে শূন্যপদে নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।শিক্ষকস্বল্পতার ব্যাপারে সৈয়দা শামসুন্নাহার বলেন, বদলি, অবসরে যাওয়াসহ বিভিন্ন কারণে কলেজে শিক্ষকসংকট রয়েছে। তিনি বলেন, এসব বিষয় দেখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে তদারকি ব্যবস্থা থাকলে শিক্ষকসংকট কমবে।পরীক্ষার চাপে শিক্ষা ব্যাহত: ১৮টি বিভাগে নানা শিক্ষাবর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয় এই কলেজে। এতে দেখা যায়, বছরজুড়ে কোনো না-কোনো বিভাগের পরীক্ষা হচ্ছে। কিন্তু কলেজে আলাদা কোনো পরীক্ষাকেন্দ্র নেই। পরীক্ষা অনুষ্ঠিত হয় শ্রেণীকক্ষে। পরীক্ষার সময় তাই প্রায়ই কলেজের ক্লাস বন্ধ থাকে। শিক্ষার্থীরা জানায়, পরীক্ষার কারণে বছরের প্রায় চার মাস ক্লাস বন্ধ থাকে।মিলনায়তনটি কলেজের পরীক্ষার সবচেয়ে বড় কেন্দ্র। সেটিও ঝুঁকিপূর্ণ। তাই সেখানে পরীক্ষার ব্যাপারে আগ্রহ দেখান না শিক্ষক ও শিক্ষার্থীরা।গ্রন্থাগার ব্যবহারে আগ্রহ নেই: কলেজের গ্রন্থাগারটি সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত খোলা থাকে। কর্মকর্তারা জানান, গ্রন্থাগারে প্রায় ২৩ হাজার বই রয়েছে। কিন্তু শিক্ষার্থীরা গ্রন্থাগার ব্যবহারে আগ্রহী নয়।শিক্ষার্থীদের অভিযোগ, গ্রন্থাগারে প্রচুর বই থাকলেও তার বেশির ভাগই পুরোনো সংস্করণের। অধিকাংশ বই শ্রেণীকক্ষ বা পরীক্ষার প্রয়োজন মেটাতে পারে না। তা ছাড়া একসঙ্গে ৮০ জনের বেশি শিক্ষার্থী পড়ালেখার সুযোগও সেখানে নেই।সূত্র জানায়, কলেজ থেকে প্রতিবছর সাময়িকী বের হওয়ার কথা থাকলেও গত ছয় বছরে একটি সংখ্যাও প্রকাশিত হয়নি। অথচ সাময়িকীর জন্য ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে ১০ টাকা করে নেওয়া হয়।১০ হাজার শিক্ষার্থীর দুটি বাস: এমসি কলেজে অধ্যয়নরত প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য বাস রয়েছে মাত্র দুটি। একটি আবার মাসের অর্ধেক দিনই শিক্ষার্থীরা ব্যবহার করতে পারে না। ফলে শহরের বিভিন্ন জায়গা থেকে কলেজে আসা শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ে।শিক্ষার্থীরা জানায়, জৈন্তা উপজেলা, শাহ পরান, টোকের বাজার, সিলাম, দক্ষিণ সুরমাসহ অনেক দূর থেকে শিক্ষার্থীরা প্রতিদিন কলেজে আসে। বাসসংকটের কারণে তাদের প্রায়ই রিকশা, সিএনজি ও সাধারণ বাসে চলাচল করতে হয়। এক ছাত্রী বলেন, ‘আসন পাওয়ার জন্য প্রায় প্রত্যেক দিন ক্লাস না করে আগে থেকে বাসে গিয়ে বসে থাকি।’ছাত্র সংসদে ভাষা ইনস্টিটিউট: দুই তলাবিশিষ্ট কলেজের ছাত্র সংসদের কার্যালয়ের ওপরের তলার দুটি কক্ষ ‘ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার’-এর কার্যালয় হিসেবে ব্যবহূত হচ্ছে। সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন ভাষার ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।বর্তমানে ছাত্র সংসদ নেই। তার পরও কলেজ কর্তৃপক্ষ প্রতিবছর ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে ১৫ টাকা করে ছাত্র সংসদ ফি নিচ্ছে।ছাত্রলীগের দখলে ক্যানটিন: শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা সকাল থেকে শুরু করে সারা দিনই কলেজের ক্যানটিন দখল করে বসে থাকেন, আড্ডা দেন। ক্যানটিনে বসে কিছু খাওয়ার সুযোগই পাওয়া যায় কম। ছাত্রীরা গেলে তাদের উত্ত্যক্ত করা হয়। তাই কোনো ছাত্রী ক্যানটিনে যায় না। এ অবস্থা ছিল জোট আমলেও। তখন একই কাজ করত ছাত্রদল।খাবারের মান নিয়েও অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। তাই কলেজের ফটকের আশপাশে গড়ে ওঠা খাবারের দোকানগুলোতে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়।