সিলেটের চার উপজেলায় হাজারো মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চারটি উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শুধু ফেঞ্চুগঞ্জ উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে ৩৫টি গ্রামের অন্তত ৫৫ হাজার মানুষ। এখানে ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলায় বাঁধ ভেঙে নতুন করে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। বিশ্বনাথ উপজেলায় প্লাবিত হয়েছে তিনটি ইউনিয়নের প্রায় সব কটি গ্রাম। প্রয়োজনের তুলনায় অনেক কম ত্রাণ সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে। কোথাও কোথাও এখন পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছেনি।ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজারে গতকাল সোমবারও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।ফেঞ্চুগঞ্জ: গতকাল বন্যাকবলিত ভেলকোনা, গঙ্গাপুর, পিঠাইটিকর, গুচ্ছগ্রাম এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ বাড়িতে লোকজন পানিবন্দী অবস্থায় রয়েছে। ঘিলাছড়া ইউনিয়নের ভেলকোনা গ্রামের পানিবন্দী সাহাব উদ্দীন (৬৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আইজ অতদিন অইগেল এক মুইট (এক মুঠো) চাউল পাইলাম না।’ সদর ইউনিয়নের পিঠাইটিকর গ্রামের সনজির আলী (৪৮) বলেন, ‘কেউ আমরার খোঁজখবর নেইন না।’ স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত চারটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা সদরের চণ্ডীপ্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা কাঞ্চন চন্দ্র দেব জানান, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চণ্ডীপ্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিককোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে ১০৫টি পরিবারের ৪০৭ জন নারী, পুরুষ ও শিশু আশ্রয় নিয়েছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম রুহুল আমিন জানান, বন্যার কারণে উপজেলার ২৭টি প্রাথমিক ও চারটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা বন্ধ রয়েছে।স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের ১৭৪ নম্বর ফেঞ্চুগঞ্জ স্টেশন সূত্র জানায়, ওই পয়েন্টে গতকাল কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১৫২ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিকে দাস জানান, বন্যাদুর্গত এলাকায় আটটি মেডিকেল টিম কাজ করছে।ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিরুল ইসলাম জানান, বন্যায় ৩৫টি গ্রামের অন্তত ৫৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় সরকারি ত্রাণ অপ্রতুল। ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ হামিম হাসান বলেন, এরই মধ্যে বন্যাকবলিত এলাকার লোকজনের মধ্যে ৩১ টন চাল ও নগদ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। আরও ৫০ টন চাল ও নগদ দুই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।বিয়ানীবাজার: বিয়ানীবাজারের পাঞ্জেপুরি এলাকায় গতকাল বেলা দুইটার দিকে একটি বাঁধ ভেঙে নতুন করে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে পানি বিপৎসীমার ৮৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।উপজেলা বন্যা পর্যবেক্ষণকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শফিক আহমদ জানান, উপজেলায় ২২টি আশ্রয়কেন্দ্রে ৩০০ পরিবার আশ্রয় নিয়েছে। দুর্গত মানুষের মধ্যে ৩৫০টি শাড়ি ও ২০টি লুঙ্গি বিতরণ করা হয়েছে। ত্রাণ হিসেবে আরও ৭০ টন চাল ও নগদ দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।স্থানীয় লোকজন জানান, বন্যার কারণে সিলেট সদরের সঙ্গে ১৮ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। কলেজ রোডের আজিজ ডিপার্টমেন্টের স্বত্বাধিকারী ছফর উদ্দিন বলেন, বন্যার কারণে যোগাযোগ সমস্যা দেখা দেওয়ায় জিনিসের দাম বেড়েছে।ইউএনও সুব্রত কুমার দে জানান, প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে।বিশ্বনাথ: উপজেলার তিনটি ইউনিয়নের অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার সবকটি নদীর পানি বেড়ে গেছে।সরেজমিনে দেখা যায়, বন্যায় দেওকলস ইউনিয়নের দক্ষিণ দেওকলস, মজলিসপুর, কাদিপুর ও সমসপুর; খাজাঞ্চী ইউনিয়নের বাওয়ানপুর ও রঘুপুর এবং বিশ্বনাথ সদর ইউনিয়নের নতুন বাজার এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায় অনেকে পানিবন্দী অবস্থায় রয়েছে।দেওকলস ইউপির চেয়ারম্যান ফখরুল আহমদ বলেন, ‘বন্যাদুর্গত মানুষ অনেক কষ্টে আছে। শুনেছি, ছয় টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাও বিতরণ শুরু হয়নি।’ইউএনও মোজাম্মেল হক জানান, ১০ থেকে ১৫ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। মঙ্গলবার থেকে ত্রাণ বিতরণ শুরু করা হবে। স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে দুর্গত মানুষকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।বালাগঞ্জ: বালাগঞ্জে গত রোববার বন্যাদুর্গত এলাকা পরির্দশন করতে এসে জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান জানান, এই উপজেলায় ৩০ হাজার পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দিন বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বৈঠকে জানানো হয়, উপজেলায় হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। জেলা প্রশাসক জানান, রোববার পর্যন্ত বালাগঞ্জে সাত লাখ ৯০ হাজার নগদ টাকা ও ৩২৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান গতকাল পৈলনপুর এলাকার ২৫ জনের হাতে ৫০০ টাকা করে বিতরণ করেন। পৈলনপুর গ্রামের লেফাছ মিয়া বলেন, কাজ নেই তাই মানুষের কাছে হাত পেতে সংসার চলাচ্ছি। আমাদের সব শেষ হয়ে গেছে।