সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক
সিলেটের জৈন্তাপুর সীমান্তে গোলাগুলির ঘটনায় আজ সোমবার দুপুরে বিডিআর-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। সীমান্তের ১২৮৫ নম্বর মেইন পিলারের ১-এসএ সাব-পিলারের কাছে বৈঠকটি হয়। কাল মঙ্গলবার বিরোধপূর্ণ জমি পরিদর্শনে বিডিআরের মহাপরিচালক সিলেটে যাবেন।বিডিআর সূত্র জানায়, দুপুর ১২টা ১০ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক চলে। ২০ মিনিটের বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন জৈন্তাপুর ফাঁড়ির কোম্পানি কমান্ডার জহিরুল এবং বিএসএফের পক্ষে ভারতের মুক্তারপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার মি. হরি।২১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম বলেন, ‘বৈঠকে বিডিআরের পক্ষ থেকে বিরোধপূর্ণ ডিবির হাওরে মাছধরা ও পানি ব্যবহার করা থেকে বিরত থাকতে বিএসএফকে অনুরোধ করা হয়েছে। বিএসএফ ডিবির হাওরে মাছ ধরার কথা বলেছিল, কিন্তু সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে আমরা তা থেকে বিরত থাকতে অনুরোধ করেছি। সীমান্ত পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’ তিনি জানান, বিরোধপূর্ণ ওই জমি পরিদর্শনে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বিডিআরের মহাপরিচালক সিলেটের জৈন্তাপুর আসার কথা রয়েছে।