সিলেটের তিন নদী থেকে বোমা মেশিনে পাথর উত্তোলন অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ডাউকি, পিয়াইন ও ধলা নদী থেকে বোমা মেশিনের মাধ্যমে পাথর উত্তোলন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ এ রায় দেন।জানা যায়, তিন নদীতে পাথর উত্তোলন বন্ধের নির্দেশনা চেয়ে গত বছরের জুলাইতে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) হাইকোর্টে রিট করে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন। আদালতে বেলার পক্ষে আইনজীবী প্রবীর নিয়োগী, ইকবাল কবির, পাথর উত্তোলনকারী সমিতির পক্ষে রোকনউদ্দিন মাহমুদ, সুব্রত চৌধুরী এবং সরকারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল মামলা পরিচালনা করেন।আদালতের নির্দেশনা প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল প্রথম আলোকে বলেন, আদালত প্রয়োজনে পাথর উত্তোলনের ক্ষেত্রে পরিবেশ মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। এ ক্ষেত্রে অন্য কোনো মন্ত্রণালয় হস্তক্ষেপ করতে পারবে না বলে আদালত অভিমত দিয়েছেন। বেলার আইনজীবী ইকবাল কবির প্রথম আলোকে বলেন, আদালত বোমা মেশিনের মাধ্যমে তিনটি নদীতে পাথর উত্তোলন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন।