সিলেটের নবশিখা নাট্যদলের নাট্য কর্মশালা
সিলেটের নবশিখা নাট্যদলের তিন দিনব্যাপী নাট্য কর্মশালা ১১ জুলাই শেষ হয়েছে। নগরের ধোপাদিঘীর পাড় এলাকায় আয়োজিত কর্মশালাটি পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আনন জামান। সংগঠনের সভাপতি ধ্রুবজ্যোতি দে প্রথম আলোকে বলেন, কর্মশালায় সংগঠনের ২৫ জন নাট্যকর্মী মঞ্চনাটকের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা নেন। প্রশিক্ষণপ্রাপ্ত নাট্যকর্মীদের নিয়ে আগামী ডিসেম্বরে নতুন একটি মঞ্চনাটক মঞ্চায়ন করার প্রস্তুতি চলছে।সম্মিলিত নাট্য পরিষদের অবস্থান কর্মসূচি: একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট ১২ জুলাই বেলা ১১টায় অবস্থান কর্মসূচি পালন করেছে। নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, উদীচী সিলেটের সভাপতি মো. আরশ আলী, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক নিজামউদ্দিন লস্কর, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের আহ্বায়ক ভবতোষ রায় বর্মণ, আওয়ামী লীগ সিলেট জেলা কমিটির সহসভাপতি আবদুজ জহির চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলার ডেপুটি কমান্ডার লুৎফর রহমান, খেলাঘর সিলেটের সভাপতি পুরঞ্জয় চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক আল-আজাদ, এনামুল মনির প্রমুখ। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি সৈয়দ মনির হেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতাকারী পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনী একাত্তরে দেশজুড়ে যে বর্বরোচিত গণহত্যা, ধর্ষণ, গুম, অগ্নিসংযোগ ও লুটতরাজ চালিয়েছিল, তাদের বিচার না হলে বাঙালি জাতি কলঙ্কমুক্ত হবে না। অবিলম্বে সরকারের উচিত জামায়াত-শিবিরসহ সব জঙ্গি ও মৌলবাদী রাজনীতি নিষিদ্ধ ও চিহ্নিত ঘাতক যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার ও বিচারের সম্মুখীন করা।আলোচনা অনুষ্ঠান শেষে নাট্যমঞ্চ সিলেট যুদ্ধাপরাধবিষয়ক পথনাটক শুকপাখি ও সাংস্কৃতিক সংগঠন মেঠোসুরের শিল্পীরা মুক্তিযুদ্ধের সময়কার গান পরিবেশন করেন।ওস্তাদ হোসেইন আলী স্মরণসভা: সিলেটের নূপুর সংগীতালয়ের প্রতিষ্ঠাতা ও বেতার কেন্দ্রের সংগীত প্রযোজক ওস্তাদ হোসেইন আলীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে নূপুর সংগীতালয়। ১২ জুলাই সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। সংগীতালয়ের ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ কুমার দাশ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মীর শাহ আলম, সিটি কাউন্সিলর আবদুল খালিক, নারী কাউন্সিলর সালমা সুলতানা, আর কে ধর ও রঞ্জন সিনহা। শিল্পী তুহিন আহমদের সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বরুণ রায়, ক্ষমা রানী দেবী, তৃষ্ণাদেবী ভট্টাচার্য, এহিয়া চৌধুরী, শরদিন্দু চক্রবর্তী।লোকসংগীত পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান: সিলেট লোকসংগীত পরিষদের উদ্যোগে ১১ জুলাই নগরের কিনব্রিজ এলাকার সারদা হল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কয়েছ আহমদের সঞ্চালনে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী হিমাংশু বিশ্বাস, এস এম শাহজাহান, এম এইচ নিজাম, মোহন রায়, নজরুল ইসলাম, পূরবী সরকার, পপি কর, এনামুল হক, শংকর দাস, তাপস সরকার, সাইফুল আরেফিন, সঞ্জয় দাস, ইকবাল মুন্সী, রাকিব, আলাউদ্দিন, উজ্জ্বল চক্রবর্তী, চামেলী দাস, মুক্তা তনিমা, মিথুল, চৈতি প্রমুখ।