সিলেটের ভণ্ড ‘পীরানি’ তহুরা বেগম আটক
সিলেটে ‘জিনের আছর’ ছাড়ানোর নামে পানি ও তেলপড়া খাওয়ানোর উদ্ভট চিকিত্সা দেওয়া ‘পীরানি’ (নারী পীর) তহুরা বেগম ওরফে তফুরাকে মেয়ে ও জামাতাসহ আটক করেছে র্যাব। আজ শনিবার বিকেলে রায়নগর বসুন্ধরার নিজ বাড়ি থেকে পালানোর সময় ওই তিনজনকে আটক করে র্যাব-৯-এর একটি বিশেষ দল। র্যাব-৯-এর এএসপি মো. রবিউল ইসলাম ওই নারী পীরকে আটকের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, তাঁকে র্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ‘পীরানি’ নামে পরিচিত তফুরার পানি ও তেলপড়া খেয়ে গতকাল শুক্রবার মেধাবী ছাত্রী সৈয়দা মারওয়া রিফাত মারা যান। আর অসুস্থ হয়ে সিলেট ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিফাতের মা সিদ্দিকা আক্তার চৌধুরী (৪৫) ও তাঁর মামা ইশতিয়াক আহমদ চৌধুরী (৩০)। রিফাত মারা যাওয়ার ঘটনায় তাঁর মামা বাদী হয়ে তফুরাসহ নয়জনকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। মামলাটি আজ রাতেই নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানায়।উল্লেখ্য, রিফাতের বাবা দুবাইপ্রবাসী সৈয়দ মুহিদুল ইসলাম প্রায় সাত বছর আগে মারা যান। রিফাতের মা তাঁর মেয়ে ও দুই ছেলেকে নিয়ে আম্বরখানায় ইলেকট্রিসাপ্লাই এলাকার ভাড়া করা বাসায় থাকতেন। ওই পরিবারে সিদ্দিকার দুই ভাইও থাকতেন। গত ৩০ নভেম্বর বড় মেয়ে রিফাতসহ পরিবারের ওপর ‘জিন আছর’ করেছে বলে তহুরা পানি, তেলপড়াসহ বিভিন্ন ঝাঁড়-ফুঁক করেন। এ চিকিৎসা নেওয়ার পরপরই রিফাত গতকাল সকালে মারা যান। এ ছাড়া তাঁর মা ও মামা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।