সিলেটের মতো ফরিদপুরেও আয়োজক একই গোষ্ঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুঁইফোড় সংগঠন ‘জাতীয় সংবাদপত্র পাঠক ফোরাম’-এর নামে সিলেটে প্রথম আলোর বিরুদ্ধে লোক ডেকে মানববন্ধনের আয়োজক ছিলেন বসুন্ধরা গ্রুপের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন-এর স্থানীয় প্রতিনিধি শাহ দিদার আলম। এর প্রমাণও মিলেছে। বাংলাদেশ প্রতিদিন-এর সিলেট প্রতিনিধিই জাতীয় মহিলা পার্টির মাধ্যমে বিভিন্ন কৌশলে লোক জড়ো করেছিলেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।এদিকে গতকাল শনিবার এই সংগঠনের নামে ফরিদপুরেও একই রকম মানববন্ধন হয়েছে। তাতেও বাংলাদেশ প্রতিদিন-এর ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেল আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। অবশ্য তিনি বলেছেন, তিনি তাঁর পত্রিকার ঢাকার কার্যালয়ের নির্দেশে মানববন্ধনের জন্য বিভিন্নজনকে দাওয়াত দিয়েছেন মাত্র।শুক্রবার সকালে সিলেট শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ওই মানববন্ধনে অংশগ্রহণকারীদের পারিশ্রমিকের টাকা কম-বেশি দেওয়া নিয়ে হাতাহাতি ও মারামারির সচিত্র সংবাদ গতকাল শনিবার প্রথম আলো ছাড়াও সিলেটের একাধিক দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। ছবিতে দেখা যায় বাংলাদেশ প্রতিদিন-এর সিলেট প্রতিনিধি শাহ দিদার আলম মানববন্ধন শেষে প্রথম আলোর বিরুদ্ধে লেখা ব্যানার ও ফেস্টুনগুলো গুটিয়ে নিজ জিম্মায় নিচ্ছেন।অবশ্য শাহ দিদার আলম মানববন্ধনের আয়োজনে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি সংবাদ সংগ্রহের জন্য সেখানে উপস্থিত ছিলেন। এদিকে কথিত জাতীয় সংবাদপত্র পাঠক ফোরামের নামে আয়োজিত ওই মানববন্ধনে দ্য হাঙ্গার প্রজেক্ট ও বিকশিত নারী নেটওয়ার্কের ব্যানার নিয়ে সংগঠনের কিছু সদস্যকে দেখা গেছে। কিন্তু গতকাল তাঁরা হাঙ্গার প্রজেক্টের সিলেট কার্যালয়ে গিয়ে লিখিতভাবে জানিয়েছেন, প্রতারণার আশ্রয় নিয়ে তাঁদের ওই মানববন্ধনে হাজির করা হয়।ওই লিখিত বক্তব্যে বলা হয়, গত শুক্রবার সকালে বিকশিত নারী নেটওয়ার্কের ১০-১৫ জন সদস্য মাসিক পরিকল্পনা সভায় যাচ্ছিলেন। ওই সময় তাঁদের প্রথম আলো আয়োজিত জঙ্গিবিরোধী মানববন্ধনে কিছুক্ষণ দাঁড়িয়ে একাত্মতা প্রকাশের অনুরোধ করা হয়। তাঁরা প্রথম আলোর অনুষ্ঠান মনে করেই মানববন্ধনে কিছুক্ষণ দাঁড়ান।হাঙ্গার প্রজেক্ট ও বিকশিত নারী নেটওয়ার্কের সিলেট অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা নাসির উদ্দিন সংগঠনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মানববন্ধনে অংশগ্রহণকারীদের এই লিখিত বক্তব্যের কথা জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘মানববন্ধনের প্রচারণার সময় সাংবাদিক থাকায় ঘটনাটি বোঝার মধ্যে ভুল হয়ে গেছে। যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরাসহ আমি নিজেও অনুতপ্ত।’ তিনিও ওই মানববন্ধনের আয়োজক একটি পত্রিকার সিলেট প্রতিনিধি বলে শুনেছেন। বিকশিত নারী নেটওয়ার্কের সিলেট অঞ্চলের প্রতিনিধি-সদস্য হেনা বেগম প্রথম আলোকে বলেন, তাঁদের প্রথম আলোর পক্ষের মানববন্ধন বলে সেখানে একাত্ম হতে অনুরোধ করেছিলেন জাতীয় মহিলা পার্টির স্থানীয় নেত্রী নাহিদা আক্তার চৌধুরী। তিনি বলেন, ‘আমরা সত্য বিষয়টি সংগঠনকে লিখিতভাবে জানিয়েছি। না বুঝে এমন হয়েছে।’সুনামগঞ্জের চরমহল্লা থেকে হাঙ্গার প্রজেক্টের উজ্জীবক-সদস্য আবদুর রহমান এসেছিলেন সাত সদস্যের একটি দল নিয়ে। তিনিও তাঁর কর্তৃপক্ষকে লিখিতভাবে একই কথা জানিয়েছেন।গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি তো পত্রিকা পড়ে থ বনে গেলাম। এর জন্য নিজের মধ্যে খারাপ লাগছে।’ তিনি জানান, কালো পাঞ্জাবি পরা একজন সাংবাদিক তাঁদের সেখানে নিয়ে যান। জাতীয় পার্টির মহিলা নেত্রীদেরও ওই সাংবাদিক এনেছিলেন।এদিকে ওই মানববন্ধন শেষে টাকার ভাগ নিয়ে হাতাহাতি ও মারামারিতে আহত জাতীয় মহিলা পার্টির সিলেট মহানগর শাখার সভানেত্রী শিউলি আক্তার এখন জিন্দাবাজারে ইউনাইটেড ক্লিনিকে চিকিৎসাধীন। গতকাল শিউলি আক্তার প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি ওই মানববন্ধনে যোগ দিতে যাননি। তিনি বলেন, ‘নাহিদা আপা (জাতীয় মহিলা পার্টির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার চৌধুরী) আমার সমর্থিত কর্মীদের ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচারের দাবিতে মানববন্ধনে নিয়ে যান। যেহেতু পার্টির প্রতিপক্ষরা সেখানে ছিল, তাই হট্টগোল এড়াতে শেষ দিকে সেখানে যাই, আমার কর্মীদের নিয়ে আসার জন্য। তখন আয়োজকদের পক্ষ থেকে আমাকে বক্তৃতা দেওয়ার কথা বলা হয়। প্রথম আলো ও এর সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন হচ্ছে জেনে আমি বক্তৃতা দেইনি।’ তাঁর দাবি, মানববন্ধন থেকে বের হওয়ার পথেই তাঁর ওপর দলীয় প্রতিপক্ষরা হামলা করে।জাতীয় মহিলা পার্টির নাহিদা আক্তার চৌধুরীর বক্তব্য জানার জন্য গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটি সভায় ব্যস্ত আছেন বলে জানান। পরে একাধিকবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি। অবশ্য তিনি শুক্রবার প্রথম আলোকে বলেছিলেন, তিনি না জেনে ওই মানববন্ধনে গিয়েছিলেন। ফরিদপুরে একই কায়দায় মানববন্ধন: আমাদের ফরিদপুর অফিস জানায়, কথিত জাতীয় সংবাদপত্র পাঠক ফোরামের নামে প্রথম আলোর বিরুদ্ধে গতকাল মানববন্ধন করা হয় ফরিদপুরে। সকাল সাড়ে ১০টায় শহরের গোয়ালচামট এলাকার ভাঙ্গা রাস্তার মোড়ে ২০ মিনিট স্থায়ী এই মানববন্ধনে ৩০-৩৫ জন অংশ নিতে দেখা যায়। এতে দুটি বড় ব্যানারের একটিতে লেখা ছিল ‘২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করতে হবে’। অপরটিতে ছিল, ‘প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে হবে’। ঘটনাস্থলে কয়েকটি ফেস্টুনে লেখা ছিল, ‘গ্রেনেড হামলার নায়ক মতিউর রহমানের গ্রেপ্তার চাই, করতে হবে’।মানববন্ধনে বক্তৃতা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুবল সাহা, সরকারি কৌঁসুলি (পিপি) খসরুজ্জামান, মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।পরে খসরুজ্জামান প্রথম আলোকে বলেন, বাংলাদেশ প্রতিদিন-এর ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেল তাঁকে দাওয়াত দিয়েছেন। সাংবাদিকদের অনুষ্ঠান জেনেই তিনি সেখানে যান। তিনি বলেন, ‘ওই অনুষ্ঠানে প্রথম আলো নিয়ে কোনো কথা হয়নি। আমি গ্রেনেড হামলার বিচার ত্বরান্বিত করার দাবি জানিয়েছি।’মেজবাউর রহমানও জানান, বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিনিধির দাওয়াত পেয়ে তিনি মানববন্ধনে গেছেন। তিনি বলেন, ‘প্রথম আলো বা এর সম্পাদককে নিয়ে কোনো কথা বলার প্রশ্নই ওঠে না। প্রথম আলোর কল্যাণকর ভূমিকা জাতি জানে।’আওয়ামী লীগের নেতা সুবল সাহা প্রথম আলোকে বলেন, তিনি ওই পথে যাওয়ার সময় গ্রেনেড হামলা বিষয়ে মানববন্ধন দেখে তাতে অংশ নেন এবং বক্তব্য দেন। এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিন-এর ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেল প্রথম আলোকে বলেন, ‘আমি মানববন্ধনের মূল আয়োজক নই, মূল আয়োজক আমাদের ঢাকা অফিস। ঢাকা অফিস থেকে কয়েকজনকে দাওয়াত দিতে বলেছে, আমি দাওয়াত দিয়েছি। বাকিরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের দেখে দাঁড়িয়ে গেছেন।’