সিলেট-আখাউড়া রেল সেকশনের লস্করপুর স্টেশনের কাছে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় সিলেটের লস্করপুর লেভেলক্রসিং অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে সিলেট যাচ্ছিল।শ্রীমঙ্গল রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, পাথরবোঝাই একটি ট্রাক সিলেটের লস্করপুর লেভেলক্রসিংয়ে উঠে পড়লে দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আবদুল আজিজ জানান, দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, তবে উদ্ধার অভিযান চলছে।