সিলেটের শিক্ষানবিশ চিকিত্সকের খোঁজ মিলেছে
সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের নিখোঁজ হওয়া আরেক শিক্ষানবিশ চিকিত্সক আশরাফুজ্জামান চৌধুরীর খোঁজ পাওয়া গেছে। আজ সোমবার বেলা দুইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে আশরাফুজ্জামান চৌধুরী নিখোঁজ হন। তাঁকে পাওয়া যাচ্ছে না বলে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। হাসপাতালের অধ্যক্ষ জেনারেল নাজমুল ইসলাম (অব.) আশরাফুজ্জামানের ফিরে আসার খবর নিশ্চিত করেছেন।এর আগে গত শনিবার নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, আমির আমিন রেশী, তাসাদ্দেক রশিদ এবং এমবিবিএস শেষ বর্ষের ছাত্র তৌসেফ আহমেদ ও প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ দানিশ বাটকে একদল লোক ধরে নিয়ে গেছেন। কাশ্মীর থেকে এ দেশে পড়তে আসা এই শিক্ষানবিশ চিকিত্সকদের গত বৃহস্পতিবার রাতে র্যাব পরিচয় দিয়ে ধরে নিয়ে যায় ওই ব্যক্তিরা। এরপর শনিবার রাত পর্যন্ত তাঁদের আর কোনো হদিস ছিল না। তাঁদের ছাড়াও আশরাফুজ্জামান চৌধুরী গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তবে র্যাব ও পুলিশ কর্তৃপক্ষ বলে আসছে, এঁদের কাউকে তারা আটক করেনি। এ ব্যাপারে তারা কিছুই জানে না।