সিলেটের সেই টিলার ‘পুকুর’ ভরাট ও বৃক্ষরোপণ শুরু
অভিযান চলাকালে মলাইটিলার ‘পুকুর’ অংশের মালিক ‘শালিমার হাউজিং লিমিটেড’ নামের আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেনের হাতে হাতকড়া পরিয়ে রাখা হয়। পুলিশ প্রহরায় ‘পুকুর’ ভরাট ও বৃক্ষরোপণ কার্যক্রমও শুরু হয় আজ।আজ দিনব্যাপী পরিচালিত এ অভিযান শেষে মলাইটিলা সুরক্ষায় আগামী এক সপ্তাহের মধ্যে পুকুরসদৃশ গর্ত ভরাট করে বৃক্ষরোপণ করতে বলা হয়েছে। অন্যথায় পরিবেশের অপূরণীয় ক্ষতির জন্য আবাসন প্রকল্পকে কয়েকটি ধাপে অর্থদণ্ডের কথা সংশ্লিষ্টদের জানানো হয়।মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, সিলেটে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযান পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।অভিযানের প্রাক্কালে আজ সকালে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনায় দল গঠন করা হয়। সকাল সাড়ে ১০টায় এনফোর্সমেন্ট দলের মুখোমুখি করা হয় মলাইটিলায় পুকুর খননকারী আবাসন প্রকল্পের চেয়ারম্যান রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) ও ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেনকে।কয়েস লোদী বলেন, ‘২০০৫ সালে ২২ বিঘা জমি কিনে এ প্রকল্প শুরু হয়। এ জমির মধ্যে মাত্র দুই বিঘা টিলার অংশ। প্রকল্প হলেও কাজ শুরু হয়নি। এ অবস্থায় প্রথম আলোর মাধ্যমে দেখতে পাই টিলার ওই অবস্থা। আমরা জানি না—এ কাজ করা করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা যে সমাধান বা আদেশ দেবেন, আমরা তা মাথা পেতে নেব।’এনফোর্সমেন্ট অভিযানে প্রকল্পের পক্ষ থেকে আলমগীর হোসেনকে সঙ্গে নেওয়া হয়।এনফোর্সমেন্টের পরিচালক ক্ষতিগ্রস্ত টিলার অবস্থা পর্যবেক্ষণ করে মাপজোখ করেন। এতে নির্ণয় করা হয়, ৮১ ফুট দৈর্ঘ্যে এবং ৪৪ ফুট প্রস্থে মোট ১৫ ফুট গভীর গর্ত খোঁড়া হয়েছে। টিলাকে রক্ষা করতে হলে এখনই ভরাট শুরু এবং গর্তের চারপাশে ২৫০টি গাছ লাগানোর মতামত ব্যক্ত করে দলটি।এ মতামতের পরিপ্রেক্ষিতে তাত্ক্ষণিক মাটিকাটার ৫০ জন শ্রমিক দিয়ে ভরাট কাজ শুরু হয়। এ সময় ২৫০টি গাছ লাগানোর সময় পর্যন্ত আলমগীর হোসেনকে হাতকড়া পরিয়ে রাখার আদেশ দেওয়া হয়।ঘটনাস্থলে থাকা সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, পুকুর ভরাটে সাত দিনের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ভরাট করার কাজ পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি প্রশাসনও পর্যবেক্ষণ করবে।