শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেল্স কলেজ, ঢাকাএসএসসি পরীক্ষায় সাধারণ বিজ্ঞানের সিলেবাসটি একটু বড়। তাই মনোযোগ দিয়ে পুরো বইটি পড়া উচিত। সাধারণ বিজ্ঞানে প্রশ্নের বিভাগ থাকে ছয়টি। ক বিভাগে থাকে পদার্থবিজ্ঞান অংশ। এ বিভাগে প্রশ্নের মধ্যে থাকে সাধারণত সংজ্ঞা, প্রয়োজনীয়তা, গঠন বর্ণনা, কর্মপদ্ধতির বর্ণনা ইত্যাদি। যেমন, প্রশ্নে দেওয়া হলো, বৈজ্ঞানিক কর্মপদ্ধতির বর্ণনা দাও। এ ক্ষেত্রে, বইয়ে সাতটি পয়েন্ট আছে। উত্তর লেখার সময় অবশ্যই সাতটি পয়েন্ট উল্লেখ করতে হবে। আবার গঠন বর্ণনার ক্ষেত্রে প্রশ্নে চিত্রের কথা উল্লেখ না থাকলেও যদি বইয়ে গঠনচিত্র দেওয়া থাকে তাহলে উত্তরে অবশ্যই চিহ্নিত গঠনচিত্র দিতে হবে। যেমন, একটি শুষ্ক বিদ্যুত্ কোষের নির্মাণকৌশল বর্ণনা করো। এখানে চিত্রের কথা উল্লেখ নেই। কিন্তু উত্তর লেখার সময় অবশ্যই চিহ্নিত চিত্র দিতে হবে। খ বিভাগে থাকে রসায়ন অংশ। এ অংশে থাকে সাধারণত সংজ্ঞা, পার্থক্য, মৌলের ধর্ম, ব্যবহার, প্রয়োজনীয়তা ইত্যাদি। যদি পার্থক্য চাওয়া হয়, মনে করো নম্বর ২, কিন্তু কতটি পার্থক্য দিতে হবে তার উল্লেখ নেই। এ ক্ষেত্রে বইয়ে যদি চারটি পার্থক্য থাকে তাহলে অবশ্যই চারটি পার্থক্য লিখতে হবে। গ বিভাগে থাকে উদ্ভিদবিজ্ঞান অংশ। এ অংশে অধিকাংশ প্রশ্নের উত্তরে চিহ্নিত চিত্র দিতে হয়। প্রশ্নে উল্লেখ না থাকলেও বইয়ে যদি চিত্র দেওয়া থাকে তাহলে অবশ্যই উত্তরে চিহ্নিত চিত্র দিতে হবে। যেমন, মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ বর্ণনা করো, অথবা মানুষের উপকারে লাগে এমন একটি ছত্রাকের বৈশিষ্ট্য বর্ণনা করো ইত্যাদি। এসব প্রশ্নে চিত্রের কথা উল্লেখ নেই। কিন্তু বইয়ে চিত্র দেওয়া আছে। তাই উত্তরে অবশ্যই চিহ্নিত চিত্র দিতে হবে। সাধারণত চিহ্নিতকরণ অংশ ডান দিকে থাকলে ভালো। ঘ বিভাগে থাকে প্রাণিবিজ্ঞান অংশ। এ অংশের অধিকাংশ প্রশ্নের উত্তর হয় পয়েন্টভিত্তিক। যেমন, বন্যপ্রাণী ধ্বংসের কারণ কী ইত্যাদি। এ ক্ষেত্রে উত্তরগুলো পয়েন্ট করে লিখলে ভালো।ঙ বিভাগে থাকে জনসংখ্যা ও পরিবেশ অংশ। এ অংশে অধিকাংশ প্রশ্নের উত্তর চিত্র বা ডায়াগ্রামভিত্তিক। যেমন, গ্রিনহাউস প্রতিক্রিয়া বর্ণনা করো, অথবা জনমিতিক অবস্থান্তর ব্যাখ্যা করো। এ প্রশ্নগুলোর উত্তর লেখার সময় অবশ্যই চিহ্নিত চিত্র বা ডায়াগ্রাম দিতে হবে। চ বিভাগে থাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও বাংলাদেশ। এ অংশের প্রশ্নগুলোয় থাকে সাধারণত ‘ব্যাখ্যা করো’, ‘কী বোঝায়’ ইত্যাদি। এ ক্ষেত্রে পাঠ্যবই থেকে যথাযথভাবে উত্তর লিখতে হবে।