সিলেবাস বড়, তাই লিখতেও হয় বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, নটর ডেম কলেজ, ঢাকা তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে ১ এপ্রিল থেকে। ইতিহাস বিষয়ের পড়া মুখস্থ করবে না, বুঝে পড়ে উত্তর প্রস্তুত করবে। পুরো অধ্যায় ভালো করে পড়বে, যাতে যেকোনো ধরনের প্রশ্ন এলে উত্তর দিতে পার। প্রশ্নের উত্তর লিখে প্রস্তুতি নেবে, এতে লেখার গতি বাড়বে।এবার তোমাদের কয়েকটি বিষয়ে সতর্ক করতে চাই। বোর্ডের পরীক্ষক হিসেবে খাতা দেখতে গিয়ে যে ভুলগুলো তোমাদের খাতায় পাওয়া যায় সেগুলো হলো, ইতিহাস প্রশ্নে দুটি ভাগ থাকে। ‘ক’ বিভাগ রচনামূলক প্রশ্ন, ‘খ’ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন।অনেকেই উত্তর দেওয়ার সময় কোন বিভাগের প্রশ্নের উত্তর দিচ্ছে তা উল্লেখ করে না। যদি ‘ক’ বিভাগের ২ নম্বর প্রশ্নের উত্তর দাও, তাহলে এভাবে লিখবে—ক বিভাগ২ নং প্রশ্নের উত্তরঅথবা ২ নং প্রশ্নের উত্তর (ক বিভাগ)—এভাবে লিখবে। একই ভাবে ‘খ’ বিভাগের প্রশ্নের উত্তর লিখবে। আরেকটি বিষয় আমি শিক্ষার্থীদের বলি, একটা ‘ক’ বিভাগ আবার একটা ‘খ’ বিভাগ—এভাবে উত্তর দিতে গেলে তোমরা বেশি ভুল করো। যদি ‘ক’ বিভাগ থেকে ৩টি প্রশ্নের উত্তর দাও একের পর এক, তবে উত্তরের ওপরে একটু মোটা অক্ষরে ক বিভাগ লিখে ৩টি বা ৪টি প্রশ্নের উত্তর দিলে তাতে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। অনেক সময় লক্ষ করি, প্রশ্নমাফিক উত্তর দেওয়া হয় না। উত্তরে প্রাসঙ্গিকতা থাকে না। যেমন—প্রশ্ন হলো: জাহাঙ্গীরের ওপর নূরজাহানের প্রভাব আলোচনা করো। এর উত্তরে নূরজাহানের জন্ম থেকে শুরু করে জাহাঙ্গীরের সঙ্গে বিয়ে পর্যন্ত সবই লিখলে, কিন্তু সম্রাজ্ঞী হয়ে জাহাঙ্গীরের রাজত্বকালে তাঁর দরবারে ও রাজকার্যে কী প্রভাব ফেললেন, কেন ফেললেন তা-ই উল্লেখ করলে না—এ ক্ষেত্রে তোমার উত্তর সঠিক হয়নি, নম্বর কম পাবে।ইতিহাসের আরেকটি দরকারি বিষয় হলো, সম্রাট বা সুলতানদের নাম ও সন-তারিখ। তোমাদের অনেকেই বলবনের জায়গায় লেখো ইলতুিমশ, আবার বাবরের জায়গায় লেখো আকবর। আর ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ, ভুল করে লেখো ১৯৫৭—এ ভুলটি খুব বেশি পাওয়া যায়। সন, তারিখ ও নামের ব্যাপারে সতর্ক হবে। এ ব্যাপারে আমার পরামর্শ হলো, বিভিন্ন সময়ের সম্রাট বা সুলতানদের নাম এবং তাঁদের সময়ের সন-তারিখ ধারাবাহিকভাবে খাতায় লিখে রাখলে ও তা সময় সময় পড়লে ভুল হওয়ার আশঙ্কা কমে যাবে।ঐতিহাসিকেরা বিভিন্ন উক্তি দিয়েছেন রাজা-বাদশাদের সম্পর্কে এবং ইনভারটেড কমা দিয়ে তার শুরু ও শেষ। খাতায় উত্তর দেওয়ার সময় এ উক্তিগুলো হুবহু সেইভাবে দিতে হবে। তোমাদের মনগড়া কোনো কথা সেখানে ব্যবহার করতে পারবে না, করলে কেটে দেওয়া হবে এবং তোমার নম্বর কমে যাবে। ইংরেজিতেও কোটেশন ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ভুল খাতায় পাওয়া যায়, প্রশ্নের উত্তর কোনটা দিয়েছ তা লেখো না। যেমন ১ নং প্রশ্নের উত্তর বা ২ নং প্রশ্নের উত্তর তা লিখতে ভুলে যাও। আবার উত্তর দিয়েছ ৩ নং প্রশ্নের, ভুল করে খাতায় লিখলে ৪ নং প্রশ্নের উত্তর। এ ক্ষেত্রে পরীক্ষক তোমার পুরো উত্তর কেটে শূন্য দেবেন। প্রশ্ন হাতে পাওয়ার পর খুব মনোযোগ দিয়ে পড়বে।