সিল্ক স্মিথা: দক্ষিণী ছবির এক ধূমকেতু
মুম্বাইয়ের একসময়ের আলোচিত অভিনেত্রী সিল্ক স্মিথার জীবনী নিয়ে তৈরি হয়েছে ‘ডার্টি পিকচার’। এতে স্মিথার চরিত্রে অভিনয় করে এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিদ্যা বালানের নাম। ‘হাম পাচ’ সিরিয়ালে নাদুস-নুদুস চেহারা, চোখে চশমা, কথাবার্তা আর চালচলনে বিচক্ষণ ভাব নিয়ে থাকা বিদ্যার অভিনয়ে ডেব্যুটা ছিল মালয়ালম আর তামিল ছবির মাধ্যমে। অভিনয় প্রতিভার জন্য তিনি আলোচনায় আসেন বিধু বিনোদ চোপড়ার ‘পরিণীতা’ ছবির মাধ্যমে। তারপর শুধু সামনের দিকে চলা। একে একে ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘হে বেবি’, ‘বুলবুলাইয়া’ ও ‘হাল্লা-বোল’-এর মতো ব্যবসাসফল ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে খুব অল্প সময়ে আলোচনায় আসেন বিদ্যা। তবে অনেকে অবাক হয়েছিলেন ‘গুরু’ ছবিতে মহাদেবনের সঙ্গে বিদ্যার আবেগঘন চুম্বনদৃশ্য দেখে। চুম্বনদৃশ্যে অভিনয়ের সপক্ষে যথেষ্ট যুক্তি উপস্থাপন করেন বিদ্যা। ‘দ্য ডার্টি পিকচার’ ছবির বরাতে এবার সব অদেখা আর আগ্রহের অবসান ঘটতে যাচ্ছে। কাহিনির প্রয়োজনে ১০ কেজি ওজন বাড়িয়েছেন। পোশাক যা শোভা পেয়েছে তার বেশির ভাগই শরীরের ভাঁজগুলোকে স্পষ্টতর করে দর্শনীয় করে তোলার জন্য বিশেষভাবে নির্মিত। এত দিন ধরে সবাই বলাবলি করছিল সিল্ক স্মিথার চরিত্রে বিদ্যার এ অভিনয় নতুন একটা অধ্যায়ের সূচনা করবে। তবে বিদ্যা একটু ভিন্নমত পোষণ করে বলেন, ‘সিল্ক স্মিথা বলে নয়, একজন দক্ষিণী ছবির নর্তকীর চরিত্রকে ফুটিয়ে তোলাই মূল লক্ষ্য ছিল।’ ছবিটিতে একেবারে নতুন এক বিদ্যা বালানকে খুঁজে পেয়েছেন সবাই। আজ ২ ডিসেম্বর বলিউডের বহুল প্রতীক্ষিত ডার্টি পিকচার ছবিটি বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির মাস দুয়েক আগে থেকেই মিলান লুথারিয়ার এ ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে। অনেকেরই ধারণা, এর আগে এতটা আলোচনা বলিউডের খুব কম ছবি নিয়েই হয়েছে। আশির দশকে যৌন আবেদনময়ী হিসেবে সাড়া জাগানো অভিনেত্রী সিল্ক স্মিথার জীবন কাহিনি নিয়েই মূলত ছবিটি নির্মিত হয়েছে। সে সময় শুধু যৌন আবেদনময়ী হিসেবে এবং ভিন্নধর্মী ভঙ্গিমায় নিজেকে প্রকাশের মধ্যে দিয়ে সারা বিশ্বের দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। যে স্মিথাকে নিয়ে ছবিটি তৈরি হলো, তাঁর জীবনটা সত্যিকার অর্থে কেমন ছিল, তা-ই তুলে ধরা হয়েছে ডার্টি পিকচার ছবিতে।১৯৬০ সালের ২ ডিসেম্বর ভারতের অন্ধ্র প্রদেশে এক গরিব পরিবারে সিল্ক স্মিথা জন্মগ্রহণ করেন। পরিবারের সবাই তাঁকে বিজয়া লক্ষ্মী নামে ডাকত। অর্থনৈতিক টানাপড়েনের কারণে তাঁর পড়াশোনা চতুর্থ শ্রেণীর বেশি এগোয়নি। কিন্তু সুন্দরী হওয়ার কারণে জীবনের শুরু থেকেই পদে পদে নানা প্রতারণার শিকার হন তিনি। এসব কারণে তাঁর তাড়াতাড়ি বিয়ে দেন পরিবারের সদস্যরা। দাম্পত্য জীবনের সুখও তাঁর কপালে স্থায়ী হয়নি। স্বামীর কাছ থেকে বঞ্চনার শিকার হয়ে শেষে চেন্নাইয়ে পাড়ি জমান তিনি। সেখানেই খালার সঙ্গে বসবাস শুরু করেন। পরে তাঁকে নতুনভাবে আবিষ্কার করেন পরিচালক ভিনু চক্রবর্তী। তারপরই তিনি সিল্ক স্মিথা নাম ধারণ করেন। এরপর ভিনু চক্রবর্তীর স্ত্রী তাঁকে চলচ্চিত্রের জন্য উপযোগী করে তোলেন। সিল্ক স্মিথা হিসেবে তাঁর প্রথম চলচ্চিত্র ‘ইনায়ে থেইডি’।মাত্র ১৯ বছর বয়সে তামিল ছবি বান্দি চাক্কারামে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। এরপরই সিল্ক স্মিতা তেলেগু, তামিল, মালয়ালম, কর্নাঢা ভাষার ছবি ছাড়াও বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেন। নাচ, গান আর খোলামেলা অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই হইচই ফেলে দেন সিল্ক স্মিথা। চলচ্চিত্রে খোলামেলা অভিনয়ের জন্য চলচ্চিত্রে সমালোচক, সাংবাদিক থেকে শুরু করে সবাই তাঁকে ‘পর্নো তারকা’র খেতাব দেন। মাত্র ১৭ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ৪৫০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অর্থনৈতিক টানাপড়েন, প্রেম-প্রত্যাখ্যাত হওয়া এবং মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন স্মিথা। ১৯৯৬ সালে চেন্নাইয়ের বাসা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।