বিউটি পারলারগুলোর সেবাকক্ষের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার এ নির্দেশ দেওয়া হয়।আদালত একই সঙ্গে বিভিন্ন বিউটি পারলারের সেবাকক্ষে সিসি ক্যামেরা ব্যবহারে নীতিমালা কেন করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন। তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, শ্রমসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র্যাবের মহাপরিচালককে আগামী দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।জনস্বার্থে করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রুল জারি করেন।জনস্বার্থে সারা দেশের বিউটি পারলারের সেবাকক্ষে সিসি ক্যামেরা ব্যবহারে নীতিমালার বিষয়ে নির্দেশনা চেয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও আইনজীবী এলিনা খান আবেদনকারী হয়ে গতকাল রিটটি করেন। আবেদনের পক্ষে তিনিই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী সাহা ও সমরেন্দ্র নাথ বিশ্বাস।এলিনা খান প্রথম আলোকে বলেন, পারসোনার ঘটনার পর পারলারে যাওয়া নারী-পুরুষদের মনে একধরনের উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের মনে জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতা খর্ব হতে পারে—এমন আশঙ্কা কাজ করছে। এ প্রেক্ষাপটে রিট আবেদনটি করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে আদালত সব পারলারের সেবাকক্ষ থেকে তাৎক্ষণিক সিসি ক্যামেরা সরাতে নির্দেশ দিয়েছেন।সমরেন্দ্র নাথ বিশ্বাস প্রথম আলোকে বলেন, দেশের বিউটি পারলারগুলোর সেবাকক্ষে থাকা সিসি ক্যামেরা সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। বিউটি পারলারে সিসি ক্যামেরা ব্যবহারে নীতিমালা কেন প্রণয়ন করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।