সিসিসি চালু না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুমকি
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স (সিসিসি) এক মাসের মধ্যে চালুর দাবি জানিয়েছেন কারখানার শ্রমিকেরা। এ সময়ের মধ্যে কারখানা চালু না হলে আগামী ১৭ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকা অবরোধের ঘোষণা দিয়েছেন তাঁরা।আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স পুনঃ চালু সংগ্রাম পরিষদ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) নিয়ন্ত্রিত কারখানাটি ২০০২ সালের ১৫ ডিসেম্বর কোনো কারণ ছাড়াই তত্কালীন সরকার বন্ধ করে দেয়। বর্তমান সরকার এটিকে বিক্রির তালিকা থেকে বাদ দিয়ে পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় এবং গত বছরের ২৪ এপ্রিল কারখানাটি আনুষ্ঠানিকভাবে চালুর ঘোষণা দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। কিন্তু এরপর দেড় বছর পরও কারখানা চালু না হওয়ায় সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা ক্ষোভ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক নাসির আহমেদ, উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর আহমেদ, দিদারুল কবীর, নবীউল হক, মুজিবুল মাওলা, শফিকুল ইসলাম প্রমুখ।