সিয়াওবোকে মুক্তি দিতে চীনের প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ এ বছর শান্তিতে নোবেল জয়ী চীনের ভিন্ন মতাবলম্বী মানবাধিকার কর্মী লিউ সিয়াওবোকে মুক্তি দিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল বুধবার মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ৪০২-১ ভোটে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদিত হয়।প্রস্তাবে লিউ সিয়াওবোকে এ বছর শান্তিতে নোবেল পাওয়ায় অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে চীনে গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে তাঁর প্রচেষ্টার প্রতি সম্মান জানানো হয়।কাল শুক্রবার লিউ সিয়াওবোকে নরওয়ের রাজধানী ওসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি প্রদান করা হবে। প্রতিনিধি পরিষদে গৃহীত ওই প্রস্তাবে কারাবন্দী লিউ এবং তাঁর গৃহবন্ধী স্ত্রী লিউ সিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া ওই পুরস্কার-সংক্রান্ত খবরাখবর সেন্সর করা থেকে চীনকে বিরত থাকতেও আহ্বান জানানো হয়েছে। এ প্রস্তাবনার বিরুদ্ধে একমাত্র ভোটটি দিয়েছেন টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি রন পল।লিউ বর্তমানে চীনের কারাগারে বন্দী রয়েছেন। চীনে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার চেষ্টার অপরাধে তাঁকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক নোবেল জয়ী আর্চ বিশপ ডেসমন্ড টুটু ও সাবেক চেক প্রেসিডেন্ট ভাকলাভ হাভেল লিউ সিয়াওবোর মুক্তি দাবি করেছিলেন।এদিকে নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, চীনসহ ১৮টি রাষ্ট্র কাল শুক্রবার নরওয়েতে অনুষ্ঠেয় শান্তিতে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বয়কট করছে। রয়টার্স।