শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী লিউ সিয়াওবো বা তাঁর পক্ষে পরিবারের কোনো সদস্য কিংবা প্রতিনিধির পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। সিয়াওবো এখন কারাগারে, তাঁর স্ত্রী গৃহবন্দী। চীন সরকার সিয়াওবোর ভাইদের দেশ ছাড়ার অনুমতি দেবে তাও মনে হয় না।আগামী ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে এই পুরস্কার প্রদানের কথা রয়েছে। ওই অনুষ্ঠানে চীন, রাশিয়াসহ ছয়টি দেশ না যাওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী সু চিকে ওই অনুষ্ঠানে ১৯৯১ সালের পুরস্কার বিজয়ী হিসেবে বক্তব্য দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।৫৪ বছর বয়সী লিউকে গত বছরের ডিসেম্বরে ১১ বছরের কারাদণ্ড দেন চীনের একটি আদালত। ২০০৮ সালে সংস্কারের সমর্থনে ‘চার্টার ২০০৮’ শিরোনামে একটি ইশতেহার প্রকাশের দায়ে তাঁকে এই শাস্তি দেওয়া হয়। তিনি সেই দণ্ড ভোগ করছেন। তাঁর স্ত্রী লিউ সিয়াকে গৃহবন্দী রাখা হয়েছে। লিউর অন্য ঘনিষ্ঠজনদের ওপরও কড়া নজরদারি রেখেছে সরকার। এ কারণে পুরস্কার গ্রহণের জন্য সিয়াওবো কিংবা তাঁর পক্ষে কোনো প্রতিনিধির অসলোতে উপস্থিত হতে পারা অনিশ্চিত। এটি হলে শান্তিতে নোবেল পুরস্কারের ১০৯ বছরের ইতিহাসে এই প্রথমবার পুরস্কার বিজয়ী কিংবা তাঁর প্রতিনিধির অনুষ্ঠানে অনুপস্থিত থাকার ঘটনা ঘটবে। এর আগে তিনবার পুরস্কার বিজয়ী ব্যক্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে তাঁদের প্রতিনিধিরা এই পুরস্কার গ্রহণ করেন।নোবেল ইনস্টিটিউটের পরিচালক গেইর লুন্ডেস্ট্যাড বলেন, ‘এ পর্যন্ত ৩৬টি দেশ আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছে। ১৬টি দেশ আমন্ত্রণের ব্যাপারে এখনো সাড়া দেয়নি। ছয়টি দেশ অনুষ্ঠানে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। দেশগুলো হলো চীন, রাশিয়া, কাজাখস্তান, কিউবা, মরক্কো ও ইরাক।’এদিকে নরওয়ের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের দূত তাঁদের সরকারের কাছ থেকে সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।গেইর লুন্ডেস্ট্যাড বলেন, এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের দূতের অংশ না নেওয়ার বিষয়টি নতুন নয়। প্রতিবছর বিভিন্ন কারণে অনেকেই অংশ নিতে পারেন না। ২০০৮ সালেও বিভিন্ন দেশের ১০ জন দূত যোগ দেননি। এতে সব সময় রাজনৈতিক বিবেচনা থাকবে, বিষয়টি এমন নয় বলে জানান তিনি।তবে গেইর ইঙ্গিত দেন, তেমন পরিস্থিতি হলে এ বছর শান্তি পুরস্কার হস্তান্তর না-ও করা হতে পারে।এদিকে অসলোর চীনা দূতাবাস পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ না দেওয়ার অনুরোধ জানিয়ে সেখানে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি পাঠিয়েছে। প্রতিবছরের মতো এ বছরও নোবেল ইনস্টিটিউট পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অসলোতে নিযুক্ত বিভিন্ন দেশের দূতকে আমন্ত্রণ জানায়। তাঁদের ১৫ নভেম্বরের মধ্যে যোগ দেওয়া বা না দেওয়ার বিষয়ে জানাতে বলা হয়।গত মাসে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য সিয়াওবোর নাম ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানায় চীন। পুরস্কার ঘোষণার পরপর চীন এর কঠোর সমালোচনা করে বলে, সিয়াওবোকে শন্তিতে নোবেল পুরস্কার দেওয়া এই পুরস্কারের মূল চেতনার পরিপন্থী।সু চিকে আমন্ত্রণঅং সান সু চিকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। ১৯৯১ সালে সু চি এই পুরস্কার লাভ করেন। কিন্তু মিয়ানমারের সামরিক জান্তা গণতন্ত্রপন্থী নেত্রী সু চিকে নরওয়ে যাওয়ার অনুমতি দেয়নি। সু চির দুই ছেলে ওই পুরস্কার গ্রহণ করেন।নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান থর্বজোয়ার্ন জাগল্যান্ড জানান, সু চি অনুষ্ঠানে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে বক্তব্য দেবেন।তবে সু চির অনুষ্ঠানে যোগ দেওয়া বা এ ব্যাপারে মিয়ানমারের সামরিক জান্তার অবস্থান জানা যায়নি। এএফপি।