সিয়াওবোর সম্মানে চেয়ারটি শূন্য ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল পুরস্কার জয়ী লিউ সিয়াওবোর অনুপস্থিতির মধ্যেই গতকাল শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। চীনের ভিন্নমতাবলম্বী নেতা সিয়াওবো বা তাঁর কোনো প্রতিনিধিকে অনুষ্ঠানে যোগ দিতে অনুমতি দেয়নি চীন সরকার। অনুষ্ঠানে পুরস্কার হিসেবে কোনো পদক বা সনদও হস্তান্তর করা হয়নি। পরে কোনো একসময় সিয়াওবো এ পুরস্কার পাবেন। তবে সিয়াওবোর সম্মানে অনুষ্ঠানস্থলে ছিল একটি শূন্য চেয়ার। সেখানে রাখা হয়েছিল তাঁর পুরস্কারটি।সিয়াওবো চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি কারাগারে বন্দী রয়েছেন। তাঁর স্ত্রী লিউ সিয়াকে গত ৮ অক্টোবর থেকে গৃহবন্দী করা হয়। লিউয়ের ভাইদেরও দেশ ছাড়ার প্রতি নিষেধাজ্ঞা জারি করে চীন। ফলে লিউয়ের কোনো প্রতিনিধি গতকালের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। খবর এএফপি, বিবিসি, এপি অনলাইনের।অসলোর সিটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে নোবেল কমিটির প্রধান থর্বজোয়ার্ন জাগল্যান্ড সিয়াওবোকে মুক্তি দেওয়ার জন্য চীনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও সিয়াওবোকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। ওবামা বলেন, সিয়াওবো ‘সার্বজনীন’ মূল্যবোধের প্রতিনিধি। যত দ্রুত সম্ভব সিয়াওবোকে মুক্তি দিতে চীনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি ।পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদের বিদায়ী স্পিকার ন্যান্সি পেলোসি, চলচ্চিত্রতারকা অ্যানজেল ওয়াশিংটন ও অ্যান হাথওয়েসহ বিভিন্ন দেশের কূটনীতিক অংশ নেন। চীন, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকেরা পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেননি।নোবেল কমিটির প্রধান জাগল্যান্ড বলেন, ‘লিউ শুধু নাগরিক অধিকারের চর্চা করেছেন। তিনি কোনো ভুল করেননি। লিউকে অবশ্যই মুক্তি দিতে হবে।’ লিউয়ের হাস্যোজ্জ্বল একটি ছবির পাশে দাঁড়িয়ে জাগল্যান্ড আরও বলেন, ‘আমাদের কষ্ট হচ্ছে, সিয়াওবো আজ এখানে উপস্থিত হতে পারেননি। শুধু তাই নয়, তাঁর কোনো স্বজনকেও অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দেয়নি চীন সরকার।’ তিনি জানান, সিয়াওবোর পুরস্কারের পদক বা সনদপত্র হস্তান্তর করা হয়নি। পুরস্কার হিসেবে লিউ একটি সোনার পদক ও এক কোটি সুইডিশ ক্রোনার পাবেন।মার্কিন প্রেসিডেন্ট ওবামার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ফ্রান্স লিউয়ের মুক্তি দাবি করেছে। এদিকে পুরস্কার প্রদান অনুষ্ঠানের কঠোর সমালোচনা করে চীন একে ‘রাজনৈতিক নাটক’ হিসেবে উল্লেখ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ইউ এক বিবৃতিতে বলেন, লিউ ‘স্নায়ুযুদ্ধ মানসিকতার’ সৃষ্টি।নোবেল পুরস্কারের ১১০ বছরের ইতিহাসে পুরস্কার হস্তান্তর না করার দ্বিতীয় ঘটনা এটি। ১৯৩৫ সালে নোবেলজয়ী জার্মান সাংবাদিক কার্ল হন ওতেয়েস্কি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে বা তাঁর কোনো প্রতিনিধি উপস্থিত হতে পারেননি। এ ছাড়া ১৯৯১ সালে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, ১৯৮৩ সালে পোল্যান্ডের লেস ওয়ালেসা ও সোভিয়েত ইউনিয়নের আন্দ্রে শাখারভ ব্যক্তিগতভাবে পুরস্কার নিতে পারেননি। তবে নোবেলজয়ীদের পক্ষে তাঁদের প্রতিনিধিরা পুরস্কার গ্রহণ করেন।গত অক্টোবরে নোবেল পুরস্কার জয়ী হিসেবে লিউ সিয়াওবোর নাম ঘোষণা করা হয়। তখন থেকেই চীন এর কঠোর বিরোধিতা করে আসছে। ৫৪ বছর বয়সী লিউকে গত বছর ডিসেম্বরে ১১ বছরের কারাদণ্ড দেন চীনা আদালত। ২০০৮ সালের ‘চার্টার ২০০৮’ শিরোনামে একটি ইশতেহার প্রকাশ করার দায়ে তাঁকে এই শাস্তি দেওয়া হয়। মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার প্রতিষ্ঠা ও সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে চীনের ৩০০ বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও লেখক ওই ইশতেহারে স্বাক্ষর করেছিলেন। গণতন্ত্রকামী নেতা লিউ ১৯৮৯ সালে তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে ছাত্র আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।