সিয়াচেন নিয়ে আজ পাক-ভারত আলোচনা
বিরোধপূর্ণ সিয়াচেন হিমবাহ নিয়ে আজ সোমবার আলোচনায় বসছেন ভারত ও পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এ আলোচনা হবে বলে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে জানানো হয়।সম্প্রতি ওই অঞ্চলে তুষার ধসে পাকিস্তানের ১২৫ জন সেনাসদস্যসহ মোট ১৩৯ ব্যক্তি নিহত হন। এ মর্মান্তিক দুর্ঘটনার পর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি বলেন, সিয়াচেন থেকে উভয় পক্ষেরই সেনাসদস্য প্রত্যাহার করা উচিত।ভারত ও পাকিস্তান উভয় দেশ সিয়াচেন হিমবাহের মালিকানা দাবি করে আসছে। সেখানে দুই দেশের হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে।আজকের আলোচনায় ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির প্রতিরক্ষাসচিব শশীকান্ত শর্মা আর পাকিস্তানের পক্ষে থাকবেন সে দেশের প্রতিরক্ষাসচিব নার্গিস শেঠি।এ আলোচনাকে সামনে রেখে ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেন, বৈঠক থেকে নাটকীয় কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আশা করা ঠিক হবে না।সিয়াচেন হিমবাহ বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র। সেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২২ হাজার ফুট উঁচুতে ভারত ও পাকিস্তানের সেনা মোতায়েন আছে।১৯৪৭ সালে দেশবিভাগের সময় কাশ্মীরের এই অংশ ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ হয়ে যায়। তখন থেকে সিয়াচেন হিমবাহের মালিকানা নিয়ে উভয় দেশের মধ্যে বিরোধ চলছে।