সিয়াচেন নিয়ে দুই দেশ চায় জয়
সম্প্রতি সিয়াচেন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে পাকিস্তান ও ভারতের শীর্ষ নেতারা নীতিগতভাবে সম্মত হতে পারেন বলে মনে হচ্ছে। তবে ভারতের সেনাবাহিনী ও সাবেক নীতি-নির্ধারকদের একাংশ এর বিরুদ্ধে। এ জন্য তাঁরা নানা যুক্তি উপস্থাপন করছেন। তাঁরা বলতে চাইছেন সেনা প্রত্যাহার হবে দেশের স্বার্থবিরোধী কাজ। অনেকে আবার এমনও বলেছেন, পাকিস্তানকে সিয়াচেন ‘উপহার’ দিচ্ছে ভারত। ভারতীয় সেনা অভিযান পরিদপ্তরের (মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট) কর্মকর্তারা ২ মে সেনাসদর দপ্তরে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্যদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেনা কর্মকর্তারা বলেন, সিয়াচেন হিমবাহ থেকে সেনা প্রত্যাহার করলে কৌশলগত দিক থেকে নানা অসুবিধা হতে পারে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছেও শিগগির তাঁরা একই প্রস্তাব রাখতে যাচ্ছেন। এমন একসময়ে ভারতীয় সেনাবাহিনী সিয়াচেন নিয়ে আতঙ্কের আশঙ্কা করছে, যখন দেশটির সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে। গত ৩০ এপ্রিল ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি লোকসভায় বলেন, সিয়াচেন থেকে সেনা প্রত্যাহার নিয়ে দুই দেশের মধ্যে অর্থবহ আলোচনা হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক প্রস্তুতি শুরুর জন্য এ বছরের শেষের দিকে ইসলামাবাদে দুই দেশের প্রতিরক্ষা-সচিবের বৈঠক হওয়ার কথা। রাজনৈতিক পর্যায়ে এত উদ্যোগের পরেও বেঁকে বসতে পারে ভারতের সেনাবাহিনী। তারা চায় না রক্তের বিনিময়ে জয় করা সিয়াচেন থেকে সেনা প্রত্যাহার করা হোক। রাজনীতিবিদদের সিদ্ধান্তের কাছে এভাবে অসহায় আত্মসমর্পণ করতে চায় না তারা।