সিয়েরা লিওনে খনিধসে কমপক্ষে ২০০ শ্রমিক নিহত
পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনের বো জেলায় অননুমোদিত একটি স্বর্ণখনির একটি সুড়ঙ্গ ধসে পড়লে অন্তত ২০০ শ্রমিক নিহত হয়েছে। সিয়েরা লিওনের খনিজ সম্পদ মন্ত্রণালয় গতকাল শুক্রবার এ কথা জানায়।বো সিয়েরা লিওনের দক্ষিণের একটি জেলা, রাজধানী ফ্রিটাউন থেকে যার দূরত্ব ১৮০ মাইল।মন্ত্রণালয়টির এক মুখপাত্র বলেন, শ্রমিকদের খনন করা একটি সুড়ঙ্গ ধসে পড়লে স্বর্ণখনির দুই শতাধিক কারিগরি শ্রমিক নিহত হয়েছে।আফ্রিকায় অনুমোদন ছাড়া স্বর্ণখনি খুবই স্বাভাবিক একটি বিষয়। এসব খনির শ্রমিকদের প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণ কিংবা যন্ত্রপাতি থাকে না। আর প্রায়ই এসব খনির শ্রমিকেরা হাত দিয়ে খননকাজ চালায়। পেশাদার প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা খনিগুলোর মতো এসব খনিতে নিরাপত্তাব্যবস্থা না থাকায় এগুলোতে দুর্ঘটনাও ঘটে অনেক বেশি।সিয়েরা লিওনের একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানান, খনিটিতে স্বর্ণ তোলার জন্য ৪০ ফুট গভীর একটি গহ্বর খোঁড়া হয়। ওই গহ্বরে শত শত শ্রমিক প্রবেশ করে এবং গহ্বরটি ধসে পড়লে তারা সেখানে আটকা পড়ে। পুলিশ জানায়, খনিটি যখন ধসে পড়ে তখন সেখানে ১৩ বছর বয়সের শিশুরাও কাজ করছিল। পুলিশ আরও জানায়, আটকে পড়া খনিশ্রমিকদের মধ্য থেকে কমবেশি ২০ জন বের হয়ে আসতে পেরেছে। রয়টার্স