সিয়োবার মুক্তি চেয়েছেন টুটু ও হ্যাভেল
এ বছর শান্তিতে নোবেল বিজয়ী চীনের কারাবন্দী ও ভিন্ন মতাবলম্বী বুদ্ধিজীবী লিউ সিওবার মুক্তি দাবি করেছেন সাবেক নোবেলজয়ী আর্চ বিশপ ডেসমন্ড টুটু ও সাবেক চেক প্রেসিডেন্ট ভ্যাকলাভ হ্যাভেল। আগামী শুক্রবার নোবেল পুরস্কার দেওয়ার অনুষ্ঠানে সিওবা যেন উপস্থিত থাকতে পারেন, সে জন্য শুক্রবারের আগেই সিওবাকে মুক্তি দেওয়ার জন্য তাঁরা চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। টুটু ও হ্যাভেল বলেন, ব্যক্তি স্বাধীনতার প্রতি চীনা সরকারের অসহিষ্ণু আচরণের দুঃখজনক প্রতীক লিউ সিওবা।চীন যদি মানবাধিকার লঙ্ঘনের ধারা অব্যাহত রাখে, তবে তারা বিশ্ব নেতৃত্বে তাদের বিশ্বাসযোগ্যতা হারাবে। টুটু ও হ্যাভেল তাঁদের লেখনীতে সাম্প্রতিক চীনের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করলেও তাদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন। তাঁরা বলেছেন, চীন যদি সত্যিকারের বিশ্ব নেতৃত্ব দিতে চায়, তবে তাদের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে।টুটু ও হ্যাভেলের মতে, চীন শুধু নিজেদের দেশেই নয়, দেশের বাইরেও মানবাধিকার লঙ্ঘন করছে। তাঁরা বলেন, চীন অন্যান্য দেশে চলমান একনায়কতন্ত্রকে সমর্থন ও প্রশ্রয় দিচ্ছে। দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে সিওবাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে চীন। বর্তমানে তিনি কারাবন্দী। চীন সরকার সিওবার স্ত্রীকেও গৃহবন্দী করে রেখেছে।সিওবাকে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ায় চীন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা এ পদক্ষেপকে নোবেল পুরস্কার দেওয়ার নীতিমালার লঙ্ঘন বলে অভিহিত করেছে। বিবিসি।