সীতাকুণ্ড ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুষ্টিয়া ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ সোমবার তিনজন নিহত হয়েছে।আমাদের কুষ্টিয়া অফিস জানিয়েছে, আজ সোমবার ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক সড়কে বাসের চাপায় রেজাউল ইসলাম (৩০) নামের একজন নিহত হয়েছেন। তিনি গ্রিন ফার্মা ওষুধ কোম্পানির ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা অঞ্চলে বিক্রয় প্রতিনিধি ছিলেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে ভেড়ামারার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ভেড়ামারা থানার ওসি আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সীতাকুণ্ড: উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। আজ ভোর সাড়ে চারটার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।বারো আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুল আলম জানান, ঢাকা থেকে ইউনিক পরিবহনের একটি বাস উপজেলার বাঁশবাড়িয়া অতিক্রম করছিল। এ সময় বিপরীতমুখী ঢেউটিন বোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নুরুল ইসলাম (৩৮) ও বাসচালক কাজী জামাল (৩৫) মারা যায়। আহত ১৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।