সীতাকুণ্ড ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড এবং রাজশাহীর গোদাগাড়ী ও বাঘায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত ও অন্তত ৩৭ জন আহত হয়েছেন।সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানিয়েছেন, আজ বিকেল সাড়ে চারটার দিকে সীতাকুণ্ড পৌরসভার পন্থীছিলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক পূর্ব শহীদপুর এলাকার মো. সালাউদ্দিন (৩৬) ও মিরসরাইয়ের মো. সোহেল আহমদ (২৮)।সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, আজ বেলা ১১টার দিকে রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া থেকে বরযাত্রী নিয়ে একটি নসিমন চাঁপাইনবাবগঞ্জের চর হাকিমপুর যাচ্ছিল। নসিমনটি গোদাগাড়ীর সাধুর মোড় এলাকায় এলে একটি চাকা খুলে নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আশা (৫) নামের একটি শিশু নিহত হয়। এ ঘটনায় বর রিপনসহ ২৮ জন বরযাত্রী আহত হন। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ ও গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নসিমনটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। মামলার প্রস্তুতি চলছে।এদিকে, আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর নামক স্থানে দুটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবুল কাশেম (৬০) নামে ভটভটির এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন পাঁচজন। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।