সীতাকুণ্ড দুর্ঘটনা জিপচালকের ভুলেই
প্রগতির জিপচালকের ভুলেই চট্টগ্রামের সীতাকুণ্ডে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) এ কে এম মাহবুবুল আলম। আজ বৃহস্পতিবার প্রথম আলোকে তিনি বলেন, ‘তদন্তে প্রাথমিকভাবে মনে হয়েছে, প্রগতির জিপের চালকের ভুলে এই দুর্ঘটনা ঘটে। চালক যদি দেখেশুনে লেভেল ক্রসিং পার হতেন, তাহলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত।’গতকাল বুধবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার সামনের লেভেল ক্রসিংয়ে কর্ণফুলী এক্সপ্রেসের ধাক্কায় প্রগতির জিপটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে প্রগতির পাঁচ কর্মকর্তা-কর্মচারী নিহত হন।ওই দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে বারেক নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে আজ একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। রাতে তাঁর মস্তিষ্কে একটি জটিল অস্ত্রোপচার করা হয়।এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষ করেছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি কমিটি।প্রগতি সূত্রে জানা গেছে, প্রগতির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহজাহানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রধান মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্তকাজ শুরু করেছি। রোববার প্রতিবেদন জমা দেওয়া হবে।’