সীতাকুণ্ড স্টেশন ছাড়ল সুবর্ণ এক্সপ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টেশনের পরিবর্তে ৩৭ কিলোমিটার দূরের সীতাকুণ্ড স্টেশন থেকে আজ বৃহস্পতিবার ঢাকার সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল ১০টায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।প্রবল বর্ষণের কারণে সৃষ্ট পানির তোড়ে কুমিরা ও ভাটিয়ারী স্টেশনের মাঝামাঝি অবস্থিত ৩৪ নম্বর রেলসেতু ধসে যাওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যা থেকে চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত সেতু ও লাইনের সংস্কারকাজ দেখতে গতকাল বুধবার বিকেলে ঘটনাস্থলে যান যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের সরাসরি রেল যোগাযোগ পুনঃস্থাপন করতে রেলওয়ে কর্তৃপক্ষকে ১৫ দিন সময় দেন। গতকাল বুধবার সকাল থেকে রেলের প্রকৌশলীরা সেতু ও ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের কাজ শুরু করেছেন। সেনা ও নৌবাহিনীর সদস্যরা তাঁদের সহায়তা করছেন।প্রকৌশলীরা জানান, ধসে যাওয়া সেতুটি ব্যবহারের উপযোগী করতে এক থেকে দুই সপ্তাহ সময় লেগে যেতে পারে। এ জায়গায় নতুন করে নির্মাণ করতে অন্তত তিন মাস সময় লাগবে।রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. তাফাজ্জল হোসেন বলেন, ধসে যাওয়া রেলসেতু নির্মাণ ও লাইন সংস্কারের কাজ চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় বিকল্প পথ তৈরিরও চেষ্টা চলছে, যাতে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ পুনরায় স্থাপন করা যায়।রেলের প্রকৌশলীরা জানান, চট্টগ্রাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত দুটি লাইন রয়েছে। রেলসেতুটি ধসে পড়ায় একটি লাইনের প্রায় ১০০ ফুট ও অন্যটির প্রায় ৫০ ফুট স্লিপার ও নুড়িপাথর উঠে গেছে। চট্টগ্রাম থেকে ঢাকার দিকে ছেড়ে আসার সময় ব্যবহূত রেললাইনের (আপ লাইন) নিচের সেতুটি পুরোপুরি ধসে গেছে। চট্টগ্রামে ফেরার লাইনের (ডাউন লাইন) অংশটি মোটামুটি ভালো আছে।