চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গত বুধবার রাতে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় মহাসড়কের উভয় দিকে অন্তত ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।নিহত ওই নেতার নাম কাজী মহিউদ্দীন (৪২)। তিনি আওয়ামী লীগের সীতাকুণ্ড পৌর কমিটির সহসভাপতি। তিনি পৌরসভার মধ্যম মহাদেবপুর ওয়ার্ডের মৌলভীপাড়ার বাসিন্দা।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ব্যবসায়িক কাজ শেষে মহিউদ্দীন বাড়ি ফিরছিলেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে ১০-১৫ জন তাঁর গতি রোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে যায়। গুরুতর আহতাবস্থায় কয়েকজন পথচারী মহিউদ্দীনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।আওয়ামী লীগের নেতা মহিউদ্দীন খুন হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গতকাল সকাল ১০টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস, ফকিরহাট, স্বাস্থ্য কমপ্লেক্স ফটক এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা বেশ কয়েকটি গাড়ি ও সীতাকুণ্ড বাজারের অন্তত তিনটি দোকান ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সড়ক থেকে সরাতে ব্যর্থ হয়।পরে বেলা একটার দিকে ঘটনাস্থলে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভুইয়া, সীতাকুণ্ড পৌরসভার মেয়র শফিউল আলম, চট্টগ্রামের (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার ফরিদ উদ্দীন প্রমুখ। এ সময় উপজেলা চেয়ারম্যান মহিউদ্দীনকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে যান অবরোধকারীরা।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম বলেন, আওয়ামী লীগের নেতাকে হত্যার ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেননি। তবে পুলিশ ঘটনার তদন্ত করছে। দ্রুত খুনিদের গ্রেপ্তার করা হবে।