সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গতকাল বুধবার গভীর রাতে আওয়ামী লীগের কাজী মহিউদ্দীন (৪২) নামের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দলীয় নেতা-কর্মীরা।কাজী মহিউদ্দীন সীতাকুণ্ড পৌর সদরের মধ্যম মহাদেবপুর ওয়ার্ডের মৌলভীপাড়ার বাসিন্দা। তিনি সীতাকুণ্ডের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজ শেষে গতকাল গভীর রাতে বাড়ি ফিরছিলেন মহিউদ্দীন। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে পৌঁছার পর সেখানে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। তাঁরা মহিউদ্দীনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। কয়েকজন পথচারী তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম প্রথম আলো ডটকমকে জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তাঁর পরিবার বা দলের পক্ষ থেকে এখনো অভিযোগ জানানো হয়নি। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সেখান থেকে সীতাকুণ্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে।মহিউদ্দীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আজ সকালে সীতাকুণ্ডের বাইপাস, ফকিরহাট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। বেলা একটার দিকে ঘটনাস্থলে যান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, সীতাকুণ্ড পৌরসভার মেয়র শফিউল আলম, চট্টগ্রাম (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার ফরিদ উদ্দীন ও সীতাকুণ্ড সার্কেল সহকারী পুলিশ সুপার সৈয়দ ইকবাল আলী। তাঁরা অবরোধকারীদের আশ্বাস দেন, খুনিদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। এর পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়।