সীতাকুণ্ডে ইস্পাত কারখানায় বিস্ফোরণে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় একটি ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণে ১০ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটায় জিপিএইচ ইস্পাত লিমিটেডের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী উপপরিচালক ও মিডিয়া সেলের সভাপতি মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।আহত শ্রমিকেরা হলেন—আলতাফ হোসেন (২৫), মো. কবির (২০), মো. ওসমান (৩০), বাদশা মিয়া (৩০), মো. সালাউদ্দিন (২০), মো. ফয়সাল (১৮), শাহেদুল ইসলাম (১৮), মো. রাজু (২৫), আবু তাহের (৩০) ও নুরুল আলম (২৫)। এঁদের মধ্যে বাদশা, ওসমান, সালাউদ্দিন, শাহেদুল ও নুরুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের নগরের মেহেদীবাগ সিএসসিআর ক্লিনিকে ভর্তি করা হয়েছে।ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, কুমিরা সুলতানা মন্দির এলাকার ওই কারখানায় রাতে দ্বিতীয় পালার শ্রমিকেরা লোহা গলানোর সময়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস কেন্দ্রের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছার এক ঘণ্টা আগেই কারখানার শ্রমিকেরা আগুন নিভিয়ে ফেলেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।