সীতাকুণ্ডে এবার সাগর দখল!
বন ও বেড়িবাঁধের পর এবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর দখল করে জাহাজ ভাঙার ইয়ার্ড নির্মাণের অভিযোগ উঠেছে। সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর এলাকায় বিবিসি স্টিল মিল নামে একটি ইয়ার্ড সমুদ্রের তীর থেকে শুরু করে পানির অংশে লম্বালম্বি পাকা দেয়াল নির্মাণ করছে।নির্মাণাধীন দেয়ালটির গোড়ার অংশ জোয়ারের সময় ডুবে গেলেও ভাটায় পুরো দেয়াল ভেসে ওঠে। ইয়ার্ডটির পাশেই ঘাটঘর এলাকার খালের মুখ। এর ফলে কুমিরা ঘাটঘরসংলগ্ন খালে পানিপ্রবাহে প্রতিবন্ধকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কোনো ধরনের অনুমতি না নিয়েই মাস দুয়েক আগে এই দেয়াল নির্মাণ শুরু করে বিবিসি স্টিল মিল। এখন পর্যন্ত পূর্ব-পশ্চিমে প্রায় ২০০ ফুট দেয়াল তোলার কাজ শেষ হয়েছে। দেয়াল তোলার অনুমতি আছে কি না, জানতে চাইলে ইয়ার্ডটির মালিক এম এ কাশেম রাগতস্বরে প্রথম আলোকে বলেন, ‘আমার জায়গায় আমি দেয়াল নির্মাণ করব। এতে কার বাপের কী? এই জায়গা আমি পানি উন্নয়ন বোর্ড থেকে ইজারা নিয়ে দেয়াল দিচ্ছি। যদি সাহস থাকে আমার বিরুদ্ধে লেখেন। আমি সাংবাদিককেও ছাড়ব না। মামলা করব।’গতকাল সরেজমিন দেখা গেছে, সীতাকুণ্ড উপকূলীয় বেড়িবাঁধের সঙ্গে লাগোয়া ওই শিপইয়ার্ডে দুটি জাহাজ ভিড়েছে। এগুলো কাটার কাজ চলছে। ইয়ার্ডের দক্ষিণ পাশে কুমিরঘাট ঘর খালের মুখ। এখান থেকে প্রতিদিন অনেক মানুষ নৌপথে সন্দ্বীপে যাওয়া-আসা করে। খালের মুখ থেকে পূর্বদিকে অর্থাত্ সমুদ্রের পানির অংশে লম্বালম্বি করে এই দেয়াল নির্মাণের কাজ চলছে। স্থানীয় লোকজন জানান, প্রায় দুই মাস ধরে এই আরসিসি দেয়াল নির্মাণের কাজ চলছে। ইয়ার্ডের অংশ যাতে না ভাঙে, সে জন্য এটি নির্মাণ করা হয় বলে স্থানীয়রা জানান। তবে এতে করে খালের মুখ সঙ্কুচিত হয়ে পড়ার পাশাপাশি পলিও জমছে। এই দেয়াল নির্মাণের জন্য প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ জামাল বলেন, ‘কুমিরা ঘাটঘর এলাকার ইয়ার্ডটি আমাদের কাছ থেকে কিছু জায়গা লিজ নিয়েছে। কিন্তু তাই বলে তো তিনি দেয়াল নির্মাণ করতে পারেন না। তাদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। এখন এটা আমাদের জায়গা না কি উপজেলা প্রশাসনের, সেটা দেখতে হবে।’ অনেক শিপইয়ার্ডের বিরুদ্ধেই বেড়িবাঁধ দখলের অভিযোগ রয়েছে বলে তিনি এ সময় উল্লেখ করেন। এ প্রসঙ্গে সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘আমাদের অনুমতি ছাড়া পানি কিংবা তীরের অংশে কেউ দেয়াল নির্মাণ করতে পারে না। এরা যদি এ রকম করে থাকে, তাহলে তা অপরাধ। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি আজই লোক পাঠাচ্ছি।’প্রসঙ্গত, এক বছর আগে উপজেলা ও ভূমি প্রশাসনের কাছ থেকে পানির অংশ ইজারা নিয়ে বিবিসি শিপইয়ার্ড চালু করা হয়। ইজারার শর্তই হচ্ছে, শুধু পানি ব্যবহারের অনুমতি। কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। সীতাকুণ্ড এলাকায় গড়ে ওঠা শিপব্রেকিং ইয়ার্ডগুলোর বিরুদ্ধে বন ধ্বংস ও বেড়িবাঁধ দখলসহ নানা অভিযোগ রয়েছে।