সীতাকুণ্ডে জাহাজ ভাঙার ইয়ার্ডে দুর্ঘটনায় চারজন নিহত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় গতকাল রোববার একটি বাতিল (স্ক্র্যাপ) জাহাজ ভাঙার ইয়ার্ডে দুর্ঘটনায় চারজন শ্রমিক নিহত এবং দুজন শ্রমিক আহত হয়েছেন। তবে অগ্নিকাণ্ড নাকি বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটেছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তিরা হলেন গিয়াস উদ্দিন (২৫), ইউনুছ (২৭), মীর কাশেম (২১) ও নেছার (২২)। আহত গোলাপ হোসেন (২৭) ও সাহাবুদ্দিনকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সারা শরীরে আগুনে পোড়াজনিত ফোসকা দেখা গেছে। মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল হক দুর্ঘটনা ও হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সীতাকুণ্ড থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে আমরা সেখানে পুলিশ পাঠাই। কিন্তু ইয়ার্ডের নিরাপত্তাপ্রহরী ছাড়া আর কাউকে সেখানে পাওয়া যায়নি।’মুঠোফোনে ইয়ার্ড-মালিকের সঙ্গে কথা হয়েছে বলে উল্লেখ করে মো. হাবিবুর রহমান বলেন, একটি কক্ষের সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে পড়া থেকে দুর্ঘটনা ঘটে বলে ইয়ার্ড-মালিক তাঁকে জানিয়েছেন। ইয়ার্ডের মালিক এ ব্যাপারে বিস্তারিত কিছু আর জানাননি বলে হাবিবুর রহমান জানান।ইয়ার্ড-মালিক লোকমান হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।প্রসঙ্গত, সীতাকুণ্ডের বিভিন্ন জাহাজ ভাঙার ইয়ার্ডে গত ১০ মাসে জাহাজ কাটার সময় নানা দুর্ঘটনায় এ নিয়ে মোট ১৪ জন নিহত হলেন।