সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্পে বিস্ফোরণ ৭ জন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাটে গতকাল রোববার জেডএন নামের একটি জাহাজভাঙা শিল্পে বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাজ কাটার সময় এ বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।বিস্ফোরণে অগ্নিদগ্ধ শ্রমিকেরা হলেন মো. সাইফুল (২২), নবাব আলী (২৭), মিলন মণ্ডল (২৫), বেলাল (২৫), রনি (২৪), রাজ্জাক (৪০) ও শহীদুর রহমান (২৮)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত নবাব আলী বলেন, ‘জাহাজাভাঙা প্রতিষ্ঠানটির মালিক শওকত আলী চৌধুরী। বেলা ১১টার দিকে আমরা তেলের জাহাজ কাটছিলাম। এ সময় হঠাৎ পাইপে আগুন ধরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমরা সাতজন আহত হই।’আহতদের মধ্যে নবাব, বেলাল ও শহীদুলের মুখমণ্ডল ঝলসে গেছে। দুর্ঘটনার পর ইয়ার্ডের অন্য শ্রমিকেরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. রফিক বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি, তাঁদের চিকিৎসার যাবতীয় খরচ আমরাই দেব।’চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক মো. খালেদ বলেন, আহত ব্যক্তিদের প্রত্যেকের ৫-১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় এলাকাজুড়ে শতাধিক পুরোনো জাহাজভাঙা প্রতিষ্ঠান রয়েছে। এতে প্রায় ৩০ হাজার শ্রমিক কাজ করেন। অনিরাপদ পরিবেশে কাজ করতে গিয়ে প্রায়ই জাহাজভাঙা প্রতিষ্ঠানে দুর্ঘটনার শিকার হচ্ছেন শ্রমিকেরা।