সীতাকুণ্ডে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। উপজেলার মাদাম বিবির হাট এলাকায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন—মনিরুল ইসলাম (৩০), মজিবুল হক (৩৩), মোহাম্মদ হালিম (৩৫), নূরের চাফা (৫০) ও অজ্ঞাত সিএনজি চালক। নিহতদের প্রথম তিনজনের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। তাঁরা সীতাকুণ্ডে একটি ফার্নিচার দোকানের কর্মচারী ছিলেন। নূরের চাফার বাড়ি সীতাকুণ্ডের ভাটিয়ারিতে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাদাম বিবির হাট এলাকায় আজ সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামগামী একটি সিএনজি অটোরিকশা ও ঢাকাগামী একাটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটে রিকশার চালকসহ চারজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।বারোআউলিয়া পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটির চালক পালিয়ে গেছে। তবে পুলিশ ট্রাকটি আটক করেছে।