সীতাকুণ্ডে ডাকাতদের গুলিতে আহত ৭, আটক ৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল শুক্রবার রাত দুইটায় ডাকাতদের গুলিতে সাতজন আহত হয়েছে। পুলিশ চার ডাকাতকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, সীতাকুণ্ড পৌরসদরের ভূঁইয়াপাড়া গ্রামের ফজলুল হক মুন্সির বাড়িতে ২০-২৫ জনের একদল ডাকাত অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিন্মি করে নগদ দুই লাখ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে। এ সময় পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদের গুলিতে ফজলুল হক (৬৫), জহুরুল ইসলাম (৩৬), মাঈনউদ্দিন (২৮), কাইয়ুম হোসেন (২২), রোকশানা আক্তার (২৫), রোকেয়া বেগম (২৭) ও সোহেল হোসেন (২৩) আহত হয়। তাঁদের সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সা দেওয়া হয়েছে। লুট করে পালিয়ে যাওয়ার সময় জসিম উদ্দিন নামে এক ডাকাতকে এলাকাবাসী আটক করে। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন আরও তিন ডাকাতকে আটক করে। তাঁরা হলেন নুরুল আবছার, আবুল বশর ও ইসমাইল হোসেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি গুলি ও একটি ধারালো ছুরি উদ্ধার করে।