সীতাকুণ্ডে তিনটি ট্রলার ডুবে ১২ মাঝি নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে গতকাল সোমবার বিকেলে তিনটি ট্রলার ডুবে গেছে। স্থানীয় জেলেরা ডুবে যাওয়া একটি ট্রলারের ছয়জন মাঝিকে উদ্ধার করলেও ১২ জন মাঝি এখনো নিখোঁজ। নিখোঁজ হওয়া মাঝিদের পরিচয় এখনো জানা যায়নি। উদ্ধার হওয়া মাঝি আজিজুর রহমান জানান, কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ঘাট থেকে গত শনিবার ১৭টি ট্রলার লবণের কাঁচামাল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে পৌঁছালে তিনটি ট্রলার তলা ফেটে বঙ্গোপসাগরে তলিয়ে যায়। সীতাকুণ্ড উপজেলার কুমিরা জেলেপাড়া থেকে মাছ ধরতে যাওয়া জেলেরা ঘটনাস্থল থেকে ছয়জন মাঝিকে উদ্ধার করেন।সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রউফ জানান, উদ্ধার হওয়া মাঝিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। নিখোঁজ মাঝিদের উদ্ধারের জন্য স্থানীয় জেলেরা চেষ্টা চালাচ্ছেন।