সীতাকুণ্ডে পাহাড়, উপকূলের মাটি কেটে ইটভাটা
সীতাকুণ্ডের উত্তর ছলিমপুর এলাকায় পাহাড় কেটে বানানো হয়েছে আবদুল সোবাহান ও বেঙ্গল ব্রিকস নামের দুটি ইটের ভাটা। প্রায় দুই বছর ধরে এখানে চলছে নির্বিচারে পাহাড় কাটা। একই উপজেলার উত্তর কাট্টলী এলাকায় উপকূলীয় বেড়িবাঁধের নিচের অংশে মাটি কেটে চলছে কেবিএম ব্রিকস, কেএমএল ব্রিকসের দুটি ও রাজা ব্রিকস নামের আরও চারটি ইটভাটা। সীতাকুণ্ডের ২০টি ইটভাটার অধিকাংশই পাহাড়ের কোলে অথবা বেড়িবাঁধের পাশে গড়ে উঠেছে।জানা গেছে, ইটভাটা করতে হলে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমোদন নিতে হয়। আবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আওতাধীন এলাকা হলে তাদেরও ছাড়পত্র লাগে। অথচ চট্টগ্রাম নগরের আশ-পাশে গড়ে ওঠা কোনো ইটভাটারই সিডিএর ছাড়পত্র নেই। সিডিএর আওতাধীন এলাকায় প্রায় ২০০ ইটভাটা রয়েছে। আর জেলায় মোট ইটভাটার সংখ্যা ৩৭১। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র ১৮৮টির। সরেজমিনে দেখা গেছে, ছলিমপুর এলাকায় দুই পাহাড়ের মাঝখান দিয়ে সিডিএর সড়ক হচ্ছে। সড়কটির পাশেই আবদুল সোবাহান ও বেঙ্গল ব্রিকসের অবস্থান। পাহাড়ের ঢালে বেঙ্গল ব্রিকস একটি সাইনবোর্ড টাঙিয়েছে। ক্রমশ পাহাড় কাটতে কাটতে তারা পাহাড়ের ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছলিমপুর এলাকায় উঁচু পাহাড়গুলো ট্রাক্টর দিয়ে কাটা হয়। পরে ইট তৈরির জন্য মাটিগুলো ভাটায় নেওয়া হয়। এভাবে পাহাড় কাটায় ওই এলাকায় সমতল ভূমির পরিমাণ বেড়েছে। আর চন্দ্রনাথ পাহাড় ক্রমশ ছোট হচ্ছে। পাহাড় কাটার অভিযোগে ছলিমপুর এলাকার আবদুল সোবাহান ব্রিকসের বিরুদ্ধে মামলা করেছে সিডিএ। পরিবেশ ছাড়পত্র না থাকায় বেঙ্গল ব্রিকসের বিরুদ্ধে মামলা করতে গেলে হাইকোর্টে রিট করে স্থগিতাদেশ নেয় মালিকপক্ষ। আবদুল সোবাহান ব্রিকসের মালিক আবদুল হালিম দাবি করেন, ‘পাহাড় কাটছে পাশের বেঙ্গল ব্রিকস। কিন্তু ঝামেলা সব আমার ওপর এসে পড়ছে।’ তাঁর প্রতিষ্ঠানের সিডিএর লাইসেন্স নেই বলে তিনি স্বীকার করেন। বেঙ্গল ব্রিকসের মহাব্যবস্থাপক মো. গোলাপ বলেন, ‘আমরা এতদিন পরিবেশ অধিদপ্তরের নিয়মানুযায়ী পাহাড় কেটেছি। কিন্তু পরিবেশ অধিদপ্তর আমাদের ছাড়পত্রটি নবায়ন করছে না। এ কারণে আমরা আদালতে রিট করি। দুই বছর আগে আদালত স্থগিতাদেশ দেন।’অন্যদিকে উত্তর কাট্টলীর বেড়িবাঁধসংলগ্ন জমির (সমুদ্রের দিকের) মাটি কেটে কাঁচা ইট তৈরি করা হচ্ছে। পরে তা কয়লার চুল্লিতে পোড়ানো হচ্ছে। মাটি কাটার কারণে বাঁধটি ঝুঁকির মুখে পড়ছে। ছয় মাস আগে পাহাড়তলী থানার পুলিশ উত্তর কাট্টলী থেকে দুই ট্রাক মাটিসহ কিছু শ্রমিককে আটক করেছিল। পরিবেশ ছাড়পত্র না থাকায় এই এলাকার রাজা ও কেএমএল ব্রিকসের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলা করেছে। কেবিএম ব্রিকসকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন। কেবিএম ব্রিকসের তত্ত্বাবধায়ক কুতুবদ্দিন বলেন, ব্যক্তিমালিকানাধীন জমি কিনে ইটভাটা করা হয়েছে। এগুলো বেড়িবাঁধের জায়গা নয়। তবে লাইসেন্সসংক্রান্ত কারণে ম্যাজিস্ট্রেট একবার জরিমানা করেছিল।সিডিএর চেয়ারম্যান আবদুছ ছালাম বলেন, ‘আমি ছলিমপুর এলাকায় দুটি ইটভাটার পাহাড় কাটা দেখেছি। আমরা মামলাও করেছি। এই ইটভাটাগুলো আমাদের কাছ থেকে কোনো ছাড়পত্র নেয়নি।’পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মুস্তাফিজুর রহমান বলেন, ‘ছাড়পত্রবিহীন কেএমএল ও রাজা ব্রিকসের বিরুদ্ধে মামলা হয়েছে। বেঙ্গল ব্রিকসের বিরুদ্ধে মামলা করতে গেলে তারা উচ্চ আদালতের স্থগিতাদেশ নেয়।’ পরিবেশ অধিদপ্তরের সাম্প্রতিক জরিপ থেকে জানা যায়, চট্টগ্রামে ৩৭১টি ইটভাটার মধ্যে ১৮৮টি ছাড়পত্র নিয়েছে। কিন্তু ছাড়পত্র নবায়ন করেছে মাত্র ১০৮টি। পরিবেশদূষণ, পাহাড় কাটা ইত্যাদি কারণে ১৫টি ভাটার বিরুদ্ধে মামলা ও ২১৮টিকে নোটিশ দেওয়া হয়। ৬৩টি ভাটা এখনো মান্ধাতা আমলের ড্রাম চিমনি দিয়ে ইট পোড়াচ্ছে। ফলে পরিবেশ দূষিত হচ্ছে। উপজেলা হিসেবে চট্টগ্রামের সবচেয়ে বেশি ৮০টি ইটভাটা রয়েছে রাঙ্গুনিয়ায়। এ ছাড়া হাটহাজারীতে ৫৩, রাউজানে ৫১, সাতকানিয়ায় ৩৬, লোহাগাড়ায় ২৯, ফটিকছড়িতে ৩৫ ও চন্দনাইশে ২৭টি ইটভাটা রয়েছে। বেশির ভাগ ইটভাটার বিরুদ্ধে বনের কাঠ পোড়ানোর অভিযোগ রয়েছে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট খন্দকার নুরুল হক বলেন, ‘আমি সম্প্রতি রাঙ্গুনিয়ায় পাঁচ-ছয়টি ইটভাটাকে জরিমানা করেছি। তাদের কাছে জেলা প্রশাসনের লাইসেন্স নেই। বিএসটিআইয়ের অনুমোদন নেই। পাশাপাশি ভাটায় বনের কাঠ পোড়াচ্ছিল তারা।’