সীতাকুণ্ডে পুরোনো জাহাজে বিস্ফোরণ, ৪ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় একটি পুরোনো জাহাজ কাটার সময় বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তেলবাহী জাহাজ (অয়েল ট্যাংকার) ‘এমটি প্রণাম’ কাটার সময় ‘ম্যাক করপোরেশন’ নামের ইয়ার্ডে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় জাহাজে ২৫-৩০ জন শ্রমিক কাজ করছিলেন। নিহত শ্রমিকেরা হলেন, সীতাকুণ্ডের শীতলপুর গ্রামের মো. রুবেল (২৫), ভোলার চরফ্যাশন উপজেলার মো. সিরাজ (১৮), নোয়াখালীর কবিরহাট উপজেলার রমেশপুর গ্রামের লিটন (৩৫) এবং নেত্রকোনার বারহাট্টা থানার বিক্রয়শ্রী গ্রামের জোবায়ের (২২)।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরের দিকে বিস্ফোরণে গুরুতর আহত দুজন শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর বিকেলে তাঁদের মৃত্যু হয়। সন্ধ্যার পর ইয়ার্ডের শ্রমিকেরা জাহাজ থেকে আরও দুজনের মৃতদেহ উদ্ধার করে। দমকল বাহিনীর সদস্যরা জাহাজের আগুন নিভিয়ে চলে যাওয়ার পর পরের দুজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।হাসপাতাল সূত্র জানায়, বিস্ফোরণে ওই চারজনের শরীরের শতভাগ পুড়ে গেছে। ইয়ার্ডের শ্রমিক নুরুল ইসলাম বলেন, ‘গ্যাস দিয়ে জাহাজের লোহার পাত কাটার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে লোহার সঙ্গে শ্রমিকেরা ছিটকে পড়েন। ওই সময় জাহাজটিতে ২৫ জন শ্রমিক কাজ করছিলেন। তবে ইয়ার্ড কর্তৃপক্ষ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। ইয়ার্ডের মালিক ও বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মাস্টার আবুল কাশেম মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, ‘জাহাজটি কাটা হচ্ছিল না। রাতের পালায় কাজ করা কয়েকজন নিরাপত্তাকর্মী কাঠখড়ে আগুন জ্বালিয়ে শীত পোহাচ্ছিলেন। তাঁদের রেখে যাওয়া আগুন থেকে একটি জ্বলন্ত কয়লার খণ্ড বাতাসের সঙ্গে গিয়ে জাহাজে পড়ে। তাতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ম্যাক করপোরেশনের ব্যবস্থাপক মোতালেব হোসেন বলেন, গ্যাসের একটি পাইপে ঢালাই দেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। ঘটনার পরই ইয়ার্ডের কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়। সরেজমিনে জানা গেছে, বিস্ফোরণের বিকট শব্দ আশপাশের কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। এ সময় আশপাশের ঘরবাড়ি কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দে পাশের জাহাজে কর্মরত ইস্রাফিল নামের একজন শ্রমিক গুরুতর আহত হন। জানা যায়, পুলিশ এবং ইয়ার্ডের কর্মকর্তা ছাড়া সবাইকে ইয়ার্ড থেকে বের করে দেওয়া হয়। এরপর ইয়ার্ডের গেট বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ শুরু করেন। বেলা তিনটার দিকে তাঁরা চলে যান। দমকল বাহিনী সূত্র জানায়, জাহাজের আগুন নেভানো হয়েছে। তিনজন আহত হয়েছেন। জাহাজের ভেতর থেকে হতাহত কাউকে উদ্ধার করা যায়নি। পরে রাতে ওই জাহাজের ভেতর থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।