সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮টি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আজ সোমবার ২৮টি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর দুই কর্মীসহ ১৫ জন আহত হয়। লেপ-তোশকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে দমকল বাহিনী সূত্রে জানা গেছে। এতে দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত লোকজন দাবি করলেও দমকল বাহিনী বলছে, আগুনে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।সীতাকুণ্ড দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে উপজেলার পৌর সদরের কলেজ রোড এলাকায় বিশ্বজিত্ ফোম নামের এক দোকানের কর্মচারী সিগারেট খাওয়ার সময় অসাবধানতাবশত তুলায় আগুন লেগে যায়। ১০ মিনিটের মধ্যে আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। এর মধ্যে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এই সময়ের মধ্যেই পুড়ে যায় ২৮টি দোকান।সীতাকুণ্ড পৌর সদর দোকান মালিক সমিতির সভাপতি আবুল কাশেম ওয়াহেদী দাবি করেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকার বেশি হবে।তবে সীতাকুণ্ড দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আবদুল বাকের প্রথম আলোকে জানান, অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।