সীতাকুণ্ডে রাস্তায় গাছ ফেলে ৯ গাড়িতে ডাকাতি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত মঙ্গলবার গভীর রাতে চারটি বাসসহ অন্তত নয়টি গাড়িতে গণডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে ১০ যাত্রী আহত হন। এ নিয়ে গত চার মাসে এই উপজেলায় মহাসড়কে অন্তত পাঁচটি ডাকাতির ঘটনা ঘটল। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে একদল ডাকাত বাড়বকুণ্ডের মুছা কলোনি এলাকায় কড়ইগাছ কেটে মহাসড়ক অবরোধ করে। পরে ডাকাতেরা মহাসড়কে আটকেপড়া চারটি যাত্রীবাহী বাস, তিনটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান ও পিকআপে হানা দেয়। তারা যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ ও মুঠোফোন লুটে নেয়। বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা কয়েকজন যাত্রীকে ছুরিকাঘাত করে। এতে অন্তত ১০ জন আহত হন।বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিম উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘গণডাকাতির খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। এর আগেই ডাকাতেরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ছুরিকাহত ১০ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাড়িতে তুলে দিই।’ সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত খুনসহ ডাকাতির ঘটনায় দুটি ও ছিনতাইয়ের দুটি মামলা হয়েছে। ১৩ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম জানান, মঙ্গলবার রাতে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাতেরা পালিয়ে যায়। পরে স্থানীয় জনগণের সহায়তায় গাছ সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। ওই রাতে ডাকাতির ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু সোহেল ইমতিয়াজ জানান, গত ছয় মাসে হাইওয়ে থানায় ডাকাতির একটি ও ছিনতাইয়ের একটি মামলা হয়েছে।